ইসলামাবাদ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও পকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
মঙ্গলবার টুইটারে এক বার্তায় তিনি বলেন, পিটিআই সুপ্রিম কোর্ট ও তার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে যাবে।
আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট গিলানিকে দু‘মাস আগে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার নতুন রায়ে তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে।
এ রায়ে গিলানিকে প্রধানমন্ত্রী পদে এমনকি পার্লামেন্টে সদস্য হিসাবেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।
আদালতকক্ষে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরি বলেন, আদালত অবমাননা মামলার (২৬ এপ্রিল) রায়ের বিরুদ্ধে এখনো কোনো আপীল নথিভুক্ত হয়নি... সুতরাং সৈয়দ ইউসুফ রাজা গিলানি মজলিস ই-শূরার (পার্লামেন্ট) সদস্য থাকার যোগ্য নন।
ইফতিখার আরো বলেন, তিনি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। এ পদ এখন শূণ্য।
আদালতের এ রায়ে আরেক রাজনৈতিক সঙ্কটে পড়েছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ঘ.
bdnews24