২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরজুড়ে বিক্ষোভের ডাক ব্রাদারহুডের

মিশরে প্রায় নিরঙ্কুশ ক্ষমতা নিজেদের হাতে নেওয়া সামরিক পরিষদের বিরুদ্ধে মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে প্রায় নিরঙ্কুশ ক্ষমতা নিজেদের হাতে নেওয়া সামরিক পরিষদের বিরুদ্ধে মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড। মিশরে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই দুটি প্রজ্ঞাপন জারি করে ক্ষমতাসীন জেনারেলরা ইসলামপন্থিদের নিয়ন্ত্রিত পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে দেশের শাসনতান্ত্রিক ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। এর প্রতিবাদেই গণবিক্ষোভ ডেকেছে ব্রাদারহুড। পার্লামেন্টের সদস্যরাও এদিন পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা চালাবেন বলে ধারণা করা হচ্ছে। সদস্যদের প্রবেশ রোধে পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনা সদস্যরা। এতে কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে, ব্রাদারহুড এরই মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক ফলে তাদের প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে। ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম ও জাস্টিস পার্টি’র (এফজেপি) মুখপাত্র বলেছেন, তাদের নেতা প্রধান মুরসি দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহমেদ শফিক পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। তবে উর্ধ্বতন প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের (এইচপিইসি) আনুষ্ঠানিক ফল ঘোষণা করার কথা রয়েছে বৃহস্পতিবার। তবে প্রার্থীদেরকে প্রতিক্রিয়া প্রকাশের সুযোগ দেওয়ার জন্য কমিশন আগেভাগেই তাদেরকে ভোটের ফল জানিয়ে থাকে। মোহাম্মদ মুরসি নির্বাচনে নিজের জয় দাবি করে উন্নত ভবিষ্যৎ, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য প্রত্যেকের হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন । কিন্তু মুবারক আমলের প্রধানমন্ত্রী সাবেক সামরিক আমলা শফিকের নির্বাচনী শিবিরও দাবি করেছে, তারা নির্বাচনের যে ফল পেয়েছেন তাতে শফিক এগিয়ে আছেন। মুসলিম ব্রাদারহুড ভোটারদের সন্ত্রস্ত করে তুলছে বলেও অভিযোগ করেছে শফিক সমর্থকরা। স্বাধীন পর্যবেক্ষক ও রাষ্ট্রীয় গণমাধ্যমের ধারণা, নির্বাচনে ব্রাদারহুডের প্রার্থী মুরসি তিন থেকে চার শতাংশ (প্রায় দশ লাখ ) ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। আর এ ধারণা মাথায় রেখেই মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ (স্কাফ) প্রেসিডেন্টে ক্ষমতা সীমিত করে নিজেরা ক্ষমতা আঁকড়ে রাখার ব্যবস্থা করছে বলে মনে করছেন সংবাদদাতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২০ঘ.