২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হলো সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের কার্যক্রম

ক্রমবর্ধমান সহিংসতার কারণে সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকরা শনিবার তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। একে জাতিসংঘ-আরব লিগের প্রতিনিধি কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ব্যর্থ হওয়ারই ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

বৈরুত, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমবর্ধমান সহিংসতার কারণে সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকরা শনিবার তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। একে জাতিসংঘ-আরব লিগের প্রতিনিধি কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ব্যর্থ হওয়ারই ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘের প্রধান পর্যবেক্ষক জেনারেল রবার্ট মুড জানান, অব্যাহত লড়াই গত এপ্রিল থেকে সিরিয়ায় থাকা ইউএন সুপারভিশন মিশন ইন সিরিয়া (ইউএনএসএমআইএন)’র ৩শ’ নিরস্ত্র পর্যবেক্ষকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতিতে ইউএনএসএমআইএন তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যবেক্ষকরা টহল দেবে না এবং নিজেদের এলাকাতেই অবস্থান করবেন।” মঙ্গলবার পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তাদেরকে শান্তি পরিকল্পনা পর্যবেক্ষণে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। চলমান সংঘাতের জন্য সিরিয়ার সরকারি ও বিদ্রোহীবাহিনী - উভয়কেই দায়ী করেছেন জেনারেল মুড। সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “গত দশদিনে সহিংসতার মাত্রা আরো তীব্র হয়ে উঠেছে, বিবদমান দলগুলো সচেতনভাবেই এটি করছে। উভয়পক্ষই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদের পর্যবেক্ষকদের জন্য পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে।” “এখানে কারো মধ্যেই শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি কোনো আগ্রহ লক্ষ করা যাচ্ছে না। তাদের সব প্রচেষ্টা সামরিক সাফল্য পাওয়ার জন্য,” বলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় মুডের সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন,সোম বা মঙ্গলবার সিরিয়ার পরিস্থিতি বিষয়ে মুড জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে অবহিত করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানায়, পরবর্তী পদক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরামর্শ করছে তারা। আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার পূরণে সিরিয়ার সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে তারা। এদিকে হত্যাকা- বন্ধে ব্যর্থ হওয়ায় আসাদের সরকারের সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হগ। আনান শান্তি পরিকল্পনার প্রস্তাব দেওয়ার পর থেকে গত দুই মাসে বেসামরিক ব্যক্তি, বিদ্রোহী ও সরকারি বাহিনীর সদস্যসহ কয়েক শ’ মানুষকে হত্যা করা হয়েছে। গত মে মাস থেকে সিরিয়ায় সহিংসতা আরা তীব্র আকার ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৩০২ ঘ.