ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ছয় দশক পর আবারো মিয়ানমারে ব্যবসা শুরু করতে যাচ্ছেকোকা-কোলা। দেশটি শাসন ব্যবস্থা সংস্কারের পর যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় গত মাসে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা।
কোকা-কোলা জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার লাইসেন্স ইস্যু করার পর যত তাড়াতাড়ি সম্ভব মিয়ানমারে ব্যবসায়িক কাজ শুরু করবে তারা। প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদনের আগে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে মিয়ানমারে পণ্য সরবরাহ করবে তারা।
সারা বিশ্বজুড়ে ব্যবসা করলেও মিয়ানমার, কিউবা ও উত্তর কোরিয়া এই তিনটি দেশে নিজেদের ব্যবসা স¤প্রসারণ করতে পারেনি কোকা-কোলা।
এর মধ্যে ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সামরিক জান্তার শাসনে ছিলো মিয়ানমার। এই সময়ে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ায় আন্তর্জাতিক সব ধরনের পণ্য বিপণনের বিষয়ে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছিলো তারা।
ফিদেল ক্যাস্ত্রো কিউবার শাসনভার নেওয়ার পর সেদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয় কোকা-কোলা। আর উত্তর কোরিয়ায় কখনোই নিজেদের ব্যবসা শুরু করতে পারেনি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/সিআর/১২১৭ ঘ.
bdnews24