২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পার্লামেন্ট ভেঙে দেওয়ার রায় আদালতের

মিশরে পার্লামেন্ট ভেঙে দেওয়ার রায়সহ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিককে নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে জনমনে নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কায়রো, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে গত বছরের এমপি নির্বাচনকে অসাংবিধানিক ঘোষণা করে পার্লামেন্টের নি¤œকক্ষ ভেঙে দেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গত বছর পার্লামেন্ট নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এক তৃতীয়াংশ আসনকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিককেও এ সপ্তাহান্তের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করে প্রণীত আইন এর বিপক্ষে রায় দেয় আদালত। আর এতেই শফিকের নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পথ সুগম হল। মুবারকের পতনের পর এ বছর ২৩-২৪ মে তে মিশরে প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেশিরভাগ ভোট পেয়ে কাছাকাছি অবস্থানে উঠে এসেছেন আহমেদ শফিক এবং মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি। এ দুজনের মধ্যে এখন দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াই হবে ১৬-১৭ জুনে। শফিক সেই পুরোনো মুবারক সরকারের সদস্য হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতাকে মিশরে বিপ্লবের অবমাননা বলেই মনে করে জনগণ। আর সেকারণেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আসছে আন্দোলনকারীরা। কিন্তু আদালত প্রেসিডেন্ট নির্বাচনে শফিকের প্রার্থীতার পক্ষেই রায় দিল। অন্যদিকে, আরেক রায়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশের আওতায় এখন তা বাস্তবায়ন করে নতুন আরেকটি নির্বাচন দেওয়ার পট প্রস্তুত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আদালত প্রধান ফারুক সুলতান। মিশরে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে আদালতের এ বিতর্কিত রায়ে ক্ষেপে উঠেছে জনগণ। এ পরিস্থিতিতে মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ এখন জরুরি বৈঠকে বসার তোড়জোড় চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ঘ.