বাগদাদ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদসহ ইরাক জুড়ে শিয়া তীর্থযাত্রী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বুধবার শিয়াদের একটি বড় ধর্মীয় পরব চলাকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
বাগদাদের ১০ টি এলাকাসহ ইরাক জুড়ে এসব হামলায় ৮৩ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
রাজধানী বাগদাদে হামলায় নিহতদের বেশিরভাগই শিয়া তীর্থযাত্রী। শিয়া ইমাম মুসা আল খাদেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাগদাদে হাজার হাজার শিয়াজড়ো হয়েছিল।
বিভিন্ন এলাকায় তাদের লক্ষ্য করে চারটি বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন নিহত হয়। বাগদাদের একটি শিয়া মসজিদের বাইরে বিস্ফোরিত হয় আরেকটি গাড়িবোমা।
কাদিমিয়ার একটি তীর্থকেন্দ্রের যাত্রাপথে বিরতি নেওয়ার সময় তীর্থযাত্রীদের ওপর আরেকটি বোমা হামলা হয়।
আল কায়েদার ইরাকি শাখা ‘ইসলামিক স্টেট অব ইরাক’ শিয়া তীর্থযাত্রীদের ওপর হামলার দায় স্বীকার করেছে।
বাগদাদের কেন্দ্রিয় এলাকা কারাদায় তীর্থযাত্রীরা পুলিশের একটি তল্লাশি চৌকি পার হওয়ার সময় বিস্ফোরিত বোমায় অন্তত নয়জন নিহত হয়।
ওয়াতিক মুহানা নামের এক পুলিশ সদস্য জানান, “একটি তাঁবু থেকে পাশ দিয়ে যাওয়া তীর্থযাত্রীদের খাবার ও পানীয় দেওয়া হচ্ছিল। এ সময় সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।”
দক্ষিণ ইরাকের হিলা শহরে এক রেস্তোরার বাইরে দাঁড়ানো পুলিশের একটি মিনিবাসের কাছে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। এতে অন্তত ২২ জন নিহত ও ৩৮ জন আহত হন।
হতাহতরা সবাই পুলিশ সদস্য কিনা বা এদের মধ্যে কতোজন পুলিশ সদস্য তা জানা যায়নি।
শিয়া অধ্যুষিত বালাদ শহরে আরো দুইটি গাড়িবোমা হামলায় অন্তত ৪ জন নিহত হন। কারবালা শহরে আরেকটি গাড়িবোমা হামলায় ৩ জন নিহত ও ১৭ জন আহত হন।
বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণের হাসওয়া শহরে আর একটি গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হন। সব মিলিয়ে বুধবার ২১ টিরও বেশি বোমা বিস্ফোরণ ঘটেছে।
এছাড়া, দক্ষিণ বাগদাদে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের গুলিবর্ষণে ৫ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩১ ঘ.
bdnews24