তিউনিস, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা ও হত্যার উস্কানি দেওয়ায় তিউনিসিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলিকে বুধবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত।
গত বছর জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় ওয়ারদানিন শহরে বেন আলির ভাইপো বিমানে করে তিউনিসিয়া ছেড়ে পালানোর সময় বিক্ষোভকারীরা বাধা দিলে তাদের ওপর ছোড়া গুলিতে চারজন নিহত হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর নির্দেশে পুলিশ ওই বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছিল। বুধবার ওই হত্যাকাণ্ডের প্ররোচণা দেওয়ার অপরাধে বেন আলিকে কারাদ- দিল তিউনিসিয়া।
এছাড়া, ওই হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকেও ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইতোমধ্যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অবৈধ মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণের অভিযোগে বেন আলিকে এর আগেও কয়েক দফায় কারাদণ্ড দেওয়া হয়েছে।
বেন আলির দীর্ঘদিনের শাসনাবসানে কয়েক সপ্তাহ ধরে গণঅভ্যুত্থান চলাকালে ২০১১ সালের জানুয়ারিতে তিনি স্ত্রীসহ সৌদি আরবে পালিয়ে যান। এখন তিনি সেখানেই নির্বাসিত জীবন-যাপন করছেন।
ওদিকে, বিচারের জন্য তিউনিসিয়া সরকার বেন আলিকে তাদের হাতে হস্তান্তরের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৩ঘ.
bdnews24