ত্রিপোলি, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফিপুত্র সাইফ আল ইসলামের সঙ্গে দেখা করতে গিয়ে লিবিয়ায় আটক আস্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধিদের মুক্ত করতে রোববার সংস্থাটির একটি দল ত্রিপোলিতে পৌঁছেছেন।
শনিবার সাইফ আল ইসলামের সঙ্গে দেখা করতে আইসিসি’র চারজনের একটি প্রতিনিধি দল লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর জিনতানে যান। গত নভেম্বরে গাদ্দাফি বিরোধী যোদ্ধাদের হাতে ধরা পড়ার পর থেকে সাইফ জিনতানেই বন্দি আছেন।
প্রতিনিধি দলটির অস্ট্রেলিয়ান সদস্য মেলিন্ডা টেইলর সাইফ আল ইসলামের জন্য কিছু নথি নিয়ে এসেছিলেন। নথিগুলোকে সন্দেহজনক বিবেচনায় মেলিন্ডাকে আটক করে জিনতানের স্থানীয় বেসামরিক বাহিনীর সদস্যরা। মেলিন্ডার সঙ্গে প্রতিনিধিদলের অপর তিনজনকেও আটক রাখা হয়।
লিবিয়ার এক কর্মকর্তা জানান, “আইসিসি’র একটি প্রতিনিধি দল আজ ত্রিপোলি এসে পৌঁছেছেন। তারা কর্মকর্তাদের সঙ্গে আটক প্রতিনিধিদের বিষয়ে বৈঠক করছেন।” এর বাইরে তিনি বিস্তারিত কিছু জানাননি।
লিবিয়ার কেন্দ্রিয় সরকারের দুর্বলতাকে প্রকট করে স্থানীয় বেসামরিক বাহিনী জিনতান ব্রিগেড জানিয়েছে, জিজ্ঞাসাবাদ না করে তারা সরকারের অনুরোধে আটক আইসিসি প্রতিনিধিদের ছাড়বে না।
“তারা এখনও তদন্তাধীন। আইসিসি’র প্রতিনিধিরা তাদের সঙ্গে এখনই দেখা করতে পারবেন না,” বলে জানিয়েছেন জিনতান ব্রিগেডের এক সদস্য।
এদিকে, আটককৃত আইসিসি প্রতিনিধিদের আশু মুক্তির দাবী জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৮৩০ ঘ.
bdnews24