লাগোস, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এক নারীর স্বামী ডেভিড চুকোনোনসো অ্যালিসন বৃহস্পতিবার বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড টেকনোলজির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বিমানটির পাইলট পিটার ওয়াক্সটানের সম্পত্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তিনি।
‘ভয়ংকর ও ত্রুটিপূর্ণ’ বিমানের কারণে জয় শিয়েডোজি অ্যালিসনের মৃত্যুর অভিযোগে যুক্তরাষ্ট্রের ইলিনোয়েস রাজ্যের জেলা আদালতে এ মামলা দায়ের করেন লাগোসে বসবাসকারী ডেভিড।
রোববার লাগোসে অবতরণের সময় ডানা এয়ার পরিচালিত ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৩ বিমানটি একটি অ্যাপার্টমেন্টে আঘাত করায় পাইলটসহ ১৫৩ জন যাত্রী মারা যায়।
মামলায় বলা হয়েছে, “সরাসরি বিমানটির নকশা, তৈরি, বিক্রয়, শিপমেন্ট, সরবরাহ, তত্ত্বাবধান, সেবা, কার্যক্রম, মালিকানা, লিজিং ও হস্তান্তর এবং এর অংশগুলো ভয়ংকর ও ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই জয়ের মৃত্যু হয়েছে।”
বিমানটি অবতরণের ক্ষেত্রে পাইলটের ব্যর্থতাকে দায়ী করে এতে আরো বলা হয়, অবহেলা ও অসতর্কতার জন্য এটি ঘটেছে।
ডেভিডের পক্ষে মামলা দায়েরকারী মিসৌরির বেসামরিক বিমান চলাচল বিষয়ক আইনজীবী গেরি রব বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ডেভিডই প্রথম মামলা দায়ের করলেন। আর বোয়িং কোম্পানিটি ইলিনোয়েস-এ অবস্থিত হওয়ায় মামলাটিও সেখানেই দায়ের করা হয়েছে।
মামলার বিষয়ে বোয়িং কোম্পানি কোনো মন্তব্য করেনি।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে বিমানটির ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড টেকনোলজিসের প্র্যাট অ্যান্ড হুইটনি ইউনিট এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
এতে বলা হয়, তদন্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছে প্র্যাট অ্যান্ড হুইটনি। আর তদন্ত চলায় কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩০ ঘ.
bdnews24