লস এঞ্জেলেস, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্জ্যবহনকারী একটি ট্রাকের সঙ্গে হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের পোর্সে গাড়ির সংঘর্ষে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মহাসড়কে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, লোহান নিজেই তার কালো পোর্সে গাড়িটি চালাচ্ছিলেন। তার সঙ্গে অজ্ঞাতনামা এক পুরুষ সহযাত্রীও ছিলেন।
সম্প্রতি কাজ শুরু করা একটি চলচ্চিত্রের লোকেশনের দিকেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি।
লোহান, কিংবা ট্রাক চালক কেউই মাতাল ছিলেন না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
লোহানের প্রচার কর্মকর্তা স্টিভ হনিগ এক বিবৃতিতে জানান, “লিন্ডসে আজ এক গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন। হাসপাতাল থেকে দুই ঘণ্টারও কম সময় পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি লোকেশনে ফিরে এসে কাজ শুরু করেছেন। ভাগ্যক্রমে, দুর্ঘটনায় কেউই গুরুতর আহত হন নি।”
সেলিব্রেটিদের সংবাদবিষয়ক ওয়েবসাইট টিএমজেড লোহানের গাড়ি পোর্সের একটি ছবি ছেড়েছে। এতে দেখা যাচ্ছে, গাড়িটির সামনের অংশ বিধ্বস্ত হয়েছে এবং জানালা ভেঙ্গে গেছে।
২৬ বছর বয়সী এই অভিনেত্রী ২০০৭ সাল থেকে ব্যক্তিগত সমস্যা ও আইনি ঝামেলার কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। মাতাল অবস্থায় গাড়ি চালানো ও কোকেন রাখার দায়ে তাকে জেলে যেতে হয়। বেশ কিছুদিন তাকে সংশোধন কেন্দ্রেও কাটাতে হয়।
সম্প্রতি তিনি আবারো কাজ শুরু করেছেন। বর্তমানে হলিউডের প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী লিজ টেলরের সঙ্গে অভিনেতা রিচার্ড বার্টনের প্রেমকাহিনি নিয়ে পরিচালিত ‘লিড অ্যান্ড ডিক’ চলচ্চিত্রে লোহান অভিনয় করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫০ ঘ.
bdnews24