২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শিশুপর্নোগ্রাফির সঙ্গে জড়িত ১৯০ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত অভিযোগে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় মাসব্যাপী চলা ‘অপারেশন অরিয়ন’ নামে এই অভিযানে পর্নোগ্রাফির শিকার ১৮টি শিশুকেও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:04 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত অভিযোগে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় মাসব্যাপী চলা ‘অপারেশন অরিয়ন’ নামে এই অভিযানে পর্নোগ্রাফির শিকার ১৮টি শিশুকেও উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানায়। আটক হওয়াদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে এদের মধ্যে স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফিলিপাইনেরও নাগরিক রয়েছে। গ্রেপ্তার হওয়া অনেকেই অনলাইনে চ্যাটিং-এর মাধ্যমে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এরফোর্সমেন্ট (আইসিই)-এর পরিচালক জন মর্টন এক বিবৃতিতে বলেন, “যারা ইন্টারনেটের মাধ্যমে শিশুদের বিপথগামী করার চিন্তা করছেন, সেসব ব্যক্তিদের জন্য এই অভিযান একটি সতর্কবার্তা।” শিশুদের দিয়ে পর্নো ভিডিও ও ছবি তৈরি এবং তা বিতরণ রোধ করার বিষয়েই ‘অপারেশন অরিয়ন’ বেশি জোর দিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে লুইজিয়ানার একজন ৩৫ বছর বয়সী বেবি সিটারও রয়েছেন, যিনি সাত বছর বয়সী এক শিশুকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহার করেছেন। মিশিগানের ২৮ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে, যার কম্পিউটারে শিশুদের ১২শ’রও বেশি পর্নো ছবি ও ১০৯টি বেশি পর্নো ভিডিও পাওয়া গেছে। বিবৃতিতে আইসিই জানায়, তারা এই অভিযানে পর্নোগ্রাফির শিকার ১৮টি শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তালিকায় দেখা গেছে অভিযানে সুইডেন, সার্বিয়া, নেদারল্যান্ডস-এর নাগরিকদেরও আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৯ ঘ.