২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ‘নিঃস্বার্থ’ সহায়তার অঙ্গীকার চীনের

আফগানিস্তানকে ‘আন্তরিক ও নিঃস্বার্থ’ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

বেইজিং, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানকে ‘আন্তরিক ও নিঃস্বার্থ’ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও করেছেন তিনি। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। হু বলেন, “বর্তমানে আফগানিস্তান জটিল একটি পরিবর্তনীয় পর্যায়ে প্রবেশ করেছে। চীন হলো আফগানিস্তানের বিশ্বস্ত ও বন্ধু প্রতিবেশী দেশ। “বর্তমান ও ভবিষ্যৎ- সব সময়ই চীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে করা অঙ্গীকার পূরণে দৃঢ় প্রতিজ্ঞ এবং আফগানিস্তানকে আন্তরিক ও নিঃস্বার্থ সহায়তা প্রদান অব্যাহত রাখবে।” আফগানিস্তান বেইজিং ও মস্কোর উদ্যোগে গঠিত সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশন (এসসিও)’র পর্যবেক্ষক সদস্য হওয়ায় কারজাইকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। এ সপ্তাহেই এসসিও’এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কারজাই বলেন, “গত ১০ বছরে সৌভাগ্যক্রমে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটেছে ইতিবাচকভাবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উভয়দেশ কৌশলগত অংশিদারিত্বের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, চীন বিনিয়োগে উৎসাহিত করবে, অবকাঠামো নির্মাণে সহায়তা করবে, আফগান শিক্ষার্থীদের বৃত্তি দেবে এবং এ বছর ১৫০ মিলিয়ন ইয়ানের (২৩.৫৭ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা প্রদান করবে। সিনহুয়া আরো জানায়, উভয় দেশই নিরাপত্তা, যৌথভাবে সন্ত্রাস দমন এবং গোয়েন্দা বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৫ ঘ.