২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানি এলিজাবেথের হীরক জয়ন্তী উৎসব সমাপ্তি

যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চারদিনব্যাপী উৎসবের শেষ অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

লন্ডন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চারদিনব্যাপী উৎসবের শেষ অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার। লন্ডনের সেন্ট পল গির্জায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। প্রার্থনা শেষে লন্ডনের পথে এক শোভাযাত্রায় অংশ নেন উৎসবের মধ্যমণি রানি এলিজাবেথ। উৎসবের শেষ পর্যায়ে ব্রিটিশ রাজপ্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ এর বারান্দা থেকে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রানি। তবে অসুস্থতার জন্য এদিনের আয়োজনে থাকতে পারেননি রানির স্বামী প্রিন্স ফিলিপ। মূত্রাশয়ে সংক্রমণ ধরা পড়ায় সোমবার তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। হীরক জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন টেমস নদীতে শোভাযাত্রা করেন রাণী ও রাজপরিবারের সদস্যরা। এ সময় এক হাজার নৌযান শোভাযাত্রায় অংশ নেয়। সোমবার উৎসবের তৃতীয় দিন বাকিংহাম প্রাসাদ মুখী প্রশস্ত লাল রাস্তায় পপ তারকা পল ম্যাকার্টনি ও স্টিভ ওয়ান্ডারের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশ নেয়। তবে মঙ্গলবারের অনুষ্ঠান অনেকটা ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী ভাবগম্ভীরভাবে করার পরিকল্পনা নেওয়া হয়। দিনের শুরুতে বিশ্বের ১৬টি রাষ্ট্রের প্রধান রানি এলিজাবেথ এর সম্মানে সেন্ট পল গির্জায় আয়োজিত বিশেষ ‘থ্যাঙস গিভিং’ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। এসময় রাজপরিবারে জ্যেষ্ঠ সদস্যরা রানির সঙ্গে ছিলেন। সেন্ট পল গির্জায় যাওয়ার সময় রাস্তার দুইপাশে সমবেত জনতা ‘ঈশ্বর রানিকে রক্ষা করুন’ বলে শ্লোগান দেয়। প্রার্থনা সভায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রানির উদ্দেশ্যে বিশেষ মানপত্র পাঠ করেন। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সবচেয়ে পুরনো অংশ ওয়েস্টমিনিস্টার হলে হীরক জয়ন্তীর দুপুরের খাবারের আয়োজন করা হয় রানির জন্য। জাতির উদ্দেশ্যে রানির ধন্যবাদ ভাষণের মধ্য দিয়ে হীরক জয়ন্তীর উৎসবের সমাপ্তি টানার সময় নির্ধারণ করা হয় ব্রিটেনের স্থানীয় সময় বিকেল পাঁচটায়। ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বর্তমান বয়স ৮৬ বছর। ব্রিটিশ সিংহাসনে তিনি পার করছেন ৬০ বছর। এর আগে শুধু রানি ভিক্টোরিয়া ৬০ বছরেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২০ঘ.