২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈশ্বিক উষ্ণায়নে বনাঞ্চলে পরিণত হচ্ছে তুন্দ্রা অঞ্চল ’

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাইবেরিয়া থেকে ফিনল্যান্ড পর্যন্ত ইউরেশিয়ার উত্তরাঞ্চলীয় তুন্দ্রা এলাকার প্রাকৃতিক পরিবেশ পাল্টে যাচ্ছে। মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত সাধারণত বরফাচ্ছাদিত এসব এলাকায় এখন বিভিন্ন ধরনের গুল্ম, উদ্ভিদ ও ছোট গাছ গজিয়ে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

লন্ডন, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাইবেরিয়া থেকে ফিনল্যান্ড পর্যন্ত ইউরেশিয়ার উত্তরাঞ্চলীয় তুন্দ্রা এলাকার প্রাকৃতিক পরিবেশ পাল্টে যাচ্ছে। মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত সাধারণত বরফাচ্ছাদিত এসব এলাকায় এখন বিভিন্ন ধরনের গুল্ম, উদ্ভিদ ও ছোট গাছ গজিয়ে উঠছে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফিনল্যান্ডের বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায় এসব পরিবর্তন লক্ষ করা গেছে। গবেষণাটির একটি প্রতিবেদন রোববার ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। উত্তর ইউরেশিয়ার এক লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গবেষাণাটি চালানো হয়। একাজে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবিসহ মাঠ পর্যায়ের গবেষণা ও স্থানীয় বল্গাহরিণ পালকদের পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করা হয়। গবেষকরা দেখেন, গত ৩০ বা ৪০ বছরে এলাকাটির ৮ থেকে ১৫ শতাংশ এলাকায় উইলো ও অ্যাল্ডার গাছে ছেয়ে গেছে। ইতোমধ্যে গাছগুলো ২ মিটারের (৭ ফুট) চেয়ে বেশি লম্বা হয়ে উঠেছে। “গাছগুলো এভাবে প্রতিক্রিয়া করছে এটা খুবই আশ্চর্যজনক,” বলেন গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক ম্যাসিয়াস ফাউরিয়া। “বিজ্ঞানীদের ধারণা তুন্দ্রা অঞ্চলের এই উষ্ণায়নে (বনাঞ্চলে পরিণত হওয়া) কয়েক শতাব্দি লেগে যেতে পারে। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে, কয়েক দশকের মধ্যেই ছোট ছোট ঝোপঝাড়গুলো গাছে পরিণত হয়ে গেছে,” বলেন মার্ক। আগের গবেষণাগুলোর ফলাফলে বলা হয়েছিল, তুন্দ্রা অঞ্চলে বনের প্রসারে মেরু অঞ্চলের তাপমাত্রা ২১ শতকের শেষ দিকে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ছে। এতে প্রতিফলক হিসেবে কাজ করা তুষার ও বরফ গলে গিয়ে নিচে থাকা মাটি ও পানি বের হয়ে পড়ছে। বরফের তুলনায় মাটি ও পানি গাঢ় রঙের হওয়ায় সূর্যের তাপ বেশি শোষণ করছে। জমাট তুষারের ওপর দিয়ে যখন গাছ বেড়ে ওঠে তখনও একই ব্যাপার ঘটে। গাছের ছায়া পড়ে ভূমি অন্ধকার হয়ে ওঠে, ফলে তাপের শোষণ বেশি হয়। পরিবেশও তুলনামূলক উষ্ণ হয়ে উঠবে। এই পরিবর্তন আরো বৃদ্ধি পেতে থাকলে এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.