২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পুনর্র্নিবাচনে বাধা ‘বেকারত্ব’

যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান দুর্বলতায় চাকরির বাজারের হতাশাব্যঞ্জক চিত্র ফুটে উঠেছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে। এ পরিস্থিতি প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার পুনর্র্নিবাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ওয়াশিংটন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান দুর্বলতায় চাকরির বাজারের হতাশাব্যঞ্জক চিত্র ফুটে উঠেছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে। এ পরিস্থিতি প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার পুনর্র্নিবাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন ভোটারদের মধ্যে এই বিষয়টি ‘টপ ইস্যু’ হিসেবে বিবেচিত হচ্ছে। ওবামার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রকাশিত প্রতিবেদনে দ্রুত প্রতিক্রিয়া প্রকাশ করে একে “বিধ্বংসী খবর” বলে বর্ণনা করেছেন। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। মে মাসে তা বেড়ে ৮ দশমিক ২ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের বিবেচনায় মাত্র ৬৯ হাজার নতুন চাকরির ব্যবস্থা করা গেছে। যা আসছে গ্রীষ্মে অর্থনৈতিক সঙ্কট গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে ওবামাকে যে বাধাগুলোর মোকাবিলা করতে হবে তারমধ্যে বেকারত্ব অন্যতম। কিন্তু নির্বাচনের বাকী আর মাত্র পাঁচ মাস। এই পাঁচ মাসের মধ্যে বেকারত্বের হার কমানো প্রায় অসম্ভব। তাই আগামী চার বছর ওবামার নেতৃত্বে গত সাড়ে তিন বছরের চেয়ে ভালো থাকবে, ডেমক্রেটদের পক্ষে ভোটারদের মধ্যে এই আশ্বাস ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ওবামা জ্বালানির উচ্চমূল্য, ইউরোপের অস্থিরতা ইত্যাদিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, “এই মুহূর্ত থেকে আমাদের আর একটি মন্দা মোকবিলার প্রস্তুতি নিতে হবে। আমরা জানি পুনরুদ্ধারের রাস্তা কতো কঠিন, এতে অনেক সময় লাগে তা আমরা জানি। এ রাস্তাজুড়ে অনবরত উত্থান আর পতনের মুখোমুখি হতে হয়।” মে মাসের বেকারত্ব প্রতিবেদনকে ওবামার ‘অদক্ষ’ অর্থনীতি পরিচালনার ফল বলে রমনি মন্তব্য করেছেন। “তাদের অর্থনীতি কৌশল কাজ করছে না। আর বিভিন্ন সূচক থেকে বলা যায় ডেমক্রেটদের নীতি অর্থনৈতিক পুনরুদ্ধারকে আরো কঠিন করে তুলছে। আমি মনে করি মানুষ যে কারণে নতুন দৃষ্টিভঙ্গী পাওয়ার চেষ্টা করছে তার মধ্যে এটি অন্যতম কারন,” এক সাক্ষাৎকারে সিএনবিসি টিভিকে বলেন রমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪২ ঘ.