২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া বিষয়ে ‘হতাশ ও ক্ষুব্ধ’ কফি আনান

সিরিয়া বিষয়ে জাতিসংঘ-আরব লিগের বিশেষ প্রতিনিধি কফি আনান শুক্রবার নিজের ‘হতাশা’ ও ‘ক্ষুব্ধতা’ প্রকাশ করলেও তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে সমস্যা সমাধানের সর্বোচ্চ উপায় হিসেবে মনে করছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 04:28 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

বৈরুত, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া বিষয়ে জাতিসংঘ-আরব লিগের বিশেষ প্রতিনিধি কফি আনান শুক্রবার নিজের ‘হতাশা’ ও ‘ক্ষুব্ধতা’ প্রকাশ করলেও তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে সমস্যা সমাধানের সর্বোচ্চ উপায় হিসেবে মনে করছে রাশিয়া। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া হল্যান্দ’র সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পর গৃহযুদ্ধ এড়াতে আনানের শান্তি পরিকল্পনা সমর্থনে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আনান একজন অভিজ্ঞ ও সম্মানীয় ব্যক্তি। তার মিশনকে সফল করতে সব কিছু করা উচিত আমাদের। আগেই তার মিশনকে ব্যর্থ ঘোষণা করা ঠিক মনে করছি না আমি।” “নিষেধাজ্ঞা আরোপ করলেই সবসময় কাজ হয় না। আমাদের মূলত যা করা দরকার তা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে গৃহযুদ্ধ শুরু হওয়াকে রোধ করা”, বলেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সিরিয়া শাসনে নিজেদের অদক্ষতা প্রমাণ করেছেন, মন্তব্য করে হল্যান্দ বলেন, “বাশারকে উৎখাত করা ছাড়া এ সমস্যার আর কোনো সমাধান নেই। আমি মনে করি, আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ রাজনৈতিক সমস্যা সমাধানেরই গুরুত্বপূর্ণ অংশ।” রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আনানের পরিকল্পনাকে সফল হিসেবে দেখতে চায় দামেস্ক। এদিকে সিরিয়ার বিদ্রোহীরা আনানের ১২ এপ্রিল প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিলেও এখন তাকে ব্যর্থ ঘোষণা করে নিজেদের ওই অঙ্গীকার থেকে মুক্ত বলে ঘোষণা করেছে। তবে যুদ্ধবিরতিকে ব্যর্থ ঘোষণার পরিবর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরো কোনো পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কফি আনান। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈরুতে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “আলোচনায় বসার আরো কোনো সুযোগ থাকলে আমি তা সমর্থন করব।” সিরিয়ার হউলা এলাকায় গত শুক্রবার ১০৮ জনকে হত্যার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এরই অংশ হিসেবে বেশ কয়েকটি পশ্চিমা দেশ থেকে সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার করা হয়েছে। এদিকে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার দেশটিতে সহিংসতায় অন্ততপক্ষে ২০জন মারা গেছে। আর বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর আল-কুসাইরে গোলাগুলিতে ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০২২ ঘ.