বৈরুত, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা মেনে নিতে বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছে বিদ্রোহীরা। আর এটা না মানলে আসাদকে উৎখাতের আন্দোলন আবারো শুরুর হুমকিও দিয়েছে তারা।
বিদ্রোহী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির কর্নেল সাদেদ্দীন সামাজিক গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানান।
তিনি জানান, শান্তি পরিকল্পনা মেনে নিতে শক্রবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি, পর্যবেক্ষক নিয়োগ এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের প্রবেশাধিকারের কথা বলা হয়েছে এ পরিকল্পনায়।
বিদ্রোহী নেতা বলেন, “সরকার এটা মেনে নিতে ব্যর্থ হলে আমরাও আমাদের অঙ্গীকার থেকে মুক্ত হয়ে যাব এবং বেসামরিক জনগণ, তাদের গ্রাম ও শহর রক্ষার দায়িত্ব নিয়ে নেব।”
শুক্রবার সিরিয়ার হউলায় ১০৮ জনকে হত্যার ঘটনায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনার ঝড় ওঠে। এর কয়েকদিনের মধ্যেই বুধবার দেশটির পূর্বাঞ্চলে পেছনে হাত বাঁধা অবস্থায় ১৩টি লাশ উদ্ধারের কথা জানায় জাতিসংঘের পর্যবেক্ষকরা।
এরই প্রেক্ষিতে সরকারকে সময়সীমা বেধে দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা।
বুধবারের হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনার আওতায় দেশটিতে ১৪ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ এবং সরকার ও বিরোধী দলকে আলোচনার টেবিলে বসানোর ব্যর্থতাই ফুটে উঠেছে।
হউলা হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমা দেশগুলো থেকে সিরিয়ার ঊর্ধ্বতন কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো হয়।
হউলার ঘটনা নিয়ে শুক্রবার জেনেভায় আলোচনায় বসবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।
জাতিসংঘের প্রধান পর্যবেক্ষক মেজর জেনারেল রবার্ট মুড বুধবারের হত্যাকাণ্ডের জন্য সরাসরি কাউকে দোষারোপ না করলেও আসাদের অনুগত বাহিনী সেনাবাহিনীর পক্ষত্যাগীদের হত্যা করেছে বলে বিদ্রোহীরা অভিযোগ করেছে।
আর সিরিয়ার সেনাবাহিনী ও আসাদের অনুগত ‘শাবিহা’ আধা সামরিক বাহিনী হউলা হত্যাযজ্ঞ ঘটাতে পারে বলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান হার্ভ ল্যাডুস মঙ্গলবার নিউ ইয়র্কে জানান।
তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর আসাদের বাহিনীর হাতে এ পর্যন্ত ৭ হাজার ৫০০ জন মারা গেছে। আর সরকার বলছে, বিদেশি সন্ত্রাসীদের সমর্থিত এ অসন্তোষে নিহত হয়েছে ২৬ শ’ এরও বেশি সৈন্য বা নিরাপত্তা রক্ষী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.
bdnews24