পেশাওয়ার, পাকিস্তান, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির সাজা হয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ইসলামের সঙ্গে জড়িত থাকার কারণে, সিআইএ’র সঙ্গে সম্পর্ক থাকার কারণে নয়।
আদালতের এক নথিতে এমনটিই বলেছেন পাকিস্তানি কর্মকর্তারা। ওই নথি খতিয়ে দেখে বুধবার এ তথ্য পেয়েছে রয়টার্স।
গত সপ্তাহে আফগান সীমান্তবর্তী খাইবার উপজাতীয় এলাকার এক আদালত আফ্রিদিকে ৩৩ বছরের কারাদন্ড দিয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা বলছে, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহায়তা করায় দেশদ্রোহীতার অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জাতীয় ও পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে।
কিন্তু বুধবার সাংবাদিকদের সামনে প্রকাশিত বিচার সংক্রান্ত নথি অনুযায়ী, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগে আফ্রিদিকে কারাদন্ড দেওয়া হয়েছে। ওই জঙ্গি গোষ্ঠীটি নিজ রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে।
তবে এ বিষয়টি এখনো স্পষ্ট নয়, পাকিস্তানি কর্মকর্তারা প্রথমে কেনো বলেছিল সিআইএ’কে সহায়তা করার অভিযোগে আফ্রিদিকে শান্তি দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলাকালে পাকিস্তান হয়ত তাদের আমেরিকা বিরোধী নাগরিকদের দেখাতে চেয়েছিল মার্কিন গুপ্তচরদের সঙ্গে কোন সম্পর্ক তারা মেনে নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ঘ.
bdnews24