২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের সঙ্গে বিরোধ চাইনি: ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, তিনি প্রভাবশালী গণমাধ্যমগুলোর সঙ্গে বিরোধে জড়াতে চাননি। রুপার্ট মার্ডকের সঙ্গে সম্পর্ক নিয়ে জেরার মুখে সোমবার আদালতে একথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

লন্ডন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, তিনি প্রভাবশালী গণমাধ্যমগুলোর সঙ্গে বিরোধে জড়াতে চাননি। রুপার্ট মার্ডকের সঙ্গে সম্পর্ক নিয়ে জেরার মুখে সোমবার আদালতে একথা বলেন তিনি। এছাড়া রাজনীতিক ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য বলেও মন্তব্য করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডে’র ফোন হ্যাকিং কেলেঙ্কারির পর এ ব্যাপারে তদন্তের জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আহ্বানে লর্ড জাস্টিস লিভসনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার এ তদন্তেরই শুনানির মুখোমুখি হন ব্লেয়ার। তদন্ত কমিটি ব্রিটিশ গণমাধ্যমের সংস্কৃতি, কার্যকলাপ ও নীতিমালার বিষয়ে তদন্তের অংশ হিসেবে রাজনীতিক ও গণমাধ্যমের মধ্যে সম্পর্কের ধরণ খুঁজে বের করতে টনি ব্লেয়ারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আরো কয়েকজন জ্যেষ্ঠ ব্রিটিশ রাজনীতিককে চলতি সপ্তাহে এ মামলার ব্যাপারে আদালতে হাজির হতে হবে। তদন্ত কমিটিকে ব্লেয়ার বলেন, সাংবাদিকতার জগতে ব্রিটিশ সাংবাদিকতা বিশ্বের শীর্ষে অবস্থান করছে। কিন্তু সংবাদপত্রকে রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার গণমাধ্যম ও রাজনীতিকদের সম্পর্ককে ‘কলুষিত’ করে তুলেছে। তবে কোন কোন ক্ষেত্রে ‘কলুষিত’ না, বরং সম্পর্ককে ‘উষ্ণ’ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ব্লেয়ার আরো বলেন, উর্ধ্বতন গণমাধ্যম কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকদের মধ্যে কোন সম্পর্ক না থাকলেই তা হবে অবাক করা বিষয়। নিউজ কর্পোরেশনের মালিক রুপার্ট মারডকের সঙ্গে তার বন্ধুত্বের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে তার সঙ্গে শুধু কাজের সম্পর্ক ছিল। নিউজ কর্পোরেশনের নির্বাহীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার জন্য ১৯৯৫ সালে টনি ব্লেয়ার অস্ট্রেলিয়া গেলে মারডকের সঙ্গে তার সম্পর্ক সবার নজর কাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৩ঘ.