২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সরকার ছাড়ল শরিক দলগুলো

একের পর এক সমস্যায় জর্জরিত নেপালে রাজনৈতিক সঙ্কট আরো গভীর হয়েছে। সোমবার মাওবাদী নেতৃত্বাধীন জোট সরকার ছেড়েছে শরিক তিনটি রাজনৈতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

কাঠমান্ডু, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একের পর এক সমস্যায় জর্জরিত নেপালে রাজনৈতিক সঙ্কট আরো গভীর হয়েছে। সোমবার মাওবাদী নেতৃত্বাধীন জোট সরকার ছেড়েছে শরিক তিনটি রাজনৈতিক দল। এর আগে পার্লামেন্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজাতন্ত্রের নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় সরকার। সংবিধান প্রণয়নের জন্য রোববার পর্যন্ত সময়সীমা নির্ধরিত ছিলো। রাজনৈতিক অস্থিরতা অবসানের কোন ‘বিকল্প’ না থাকায় সোমবার সকালে নতুন নির্বাচন ঘোষণা করেন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। আগামী ২২ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পরপরই সোমবার সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সরকারে শরিক তিনটি ছোট দল। “আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী,” বলেন কমিউনিস্ট ইউএমএল দলের ঈশ্বর পোখরেল। নেপালের উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। নতুন নির্বাচন ঘোষণা করার মতো কোনো সাংবিধানিক বা রাজনৈতিক বৈধতা সরকারের নেই বলে দাবি করেন তিনি। ২০০৬ সালে গৃহযুদ্ধ আবসানের পর থেকে রাজনৈতিক দলগুলোর মতদ্বৈধতায় অস্থির হয়ে আছে নেপাল। এক সঙ্কট সমাধানের সঙ্গে সঙ্গে নতুন সঙ্কট এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভবনা। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের পদত্যাগ দাবি করছে। এরমধ্যে শরিক দলগুলোর সরকার ত্যাগে পদ ছাড়তে বাধ্য হতে পারেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ নতুন নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ঘ.