কাঠমান্ডু, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্ধারিত ২৭ মে সময়সীমার মধ্যে নেপাল প্রজাতন্ত্রের নতুন সংবিধান প্রণয়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাজনীতিবিদরা।
সংবিধান প্রণয়নের ব্যাপারে মতবিরোধ কাটিয়ে মতৈক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলে রোববার জানিয়েছে রাজনৈতিক দলগুলো।
এতে করে আবারো রাজনৈতিক অস্থিতিশীলতায় পড়ল নেপাল।
নেপালে মাওবাদী বিদ্রোহের অবসান এবং রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকেই নতুন সংবিধান নিয়ে অচলাবস্থা বিরাজ করছে।
কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে উর্ধ্বতন মাওবাদী নেতা বাহাদুর বোগাতি বলেছেন, “নির্দিষ্ট সময়সীমার মধ্যে এখন আর সংবিধান প্রণয়ন সম্ভব নয়। সে সম্ভাবনা শেষ, ১০০ শতাংশই শেষ।”
আলোচকরা জানিয়েছেন, এখন দেশে জরুরি অবস্থা জারি করে মন্ত্রিসভাকে বর্তমান পার্লামেন্টের মেয়াদ ছয় মাস বাড়ানো এবং নতুন নির্বাচনের ডাক দিতে হবে।
নেপালের মাওবাদী সংখ্যাগরিষ্ঠ সরকার বেশ কয়েকবার নতুন সংবিধান রচনার তারিখ ঘোষণা করেও তা বাস্তবায়ন করতে পারেনি।
দেশের নতুন রাজ্যগুলোর নাম, সংখ্যা ও সীমানা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ আছে।
সংবিধানের দাবিতে ২০-২২ মে সারা দেশে তিন দিনের সাধারণ ধর্মঘট পালন করেছে বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24