২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে চলচ্চিত্র

ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মাণাধীন একটি চলচ্চিত্রের প্রয়োজনে বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের সাথে হলিউডের দুই চলচ্চিত্র পরিচালকের সাক্ষাতের আয়োজন করেছিল ওবামা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ওয়াশিংটন, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মাণাধীন একটি চলচ্চিত্রের প্রয়োজনে বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের সাথে হলিউডের দুই চলচ্চিত্র পরিচালকের সাক্ষাতের আয়োজন করেছিল ওবামা প্রশাসন। মঙ্গলবার জুডিসিয়াল ওয়াচ নামে একটি আইনি সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত সরকারি গোপন নথিপত্রে এ তথ্য পওয়া গেছে। তথ্য পাওয়ার স্বাধীনতা আইন অনুযায়ী দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পেন্টাগনের ১৫৩ পৃষ্ঠার ও সিআইএ’র ১১৩ পৃষ্ঠার নথিপত্র প্রকাশের দাবি করেছে তারা। গত বছরের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানায় চালানো হামলার বিষয়কে উপজীব্য করে নির্মাণাধীন এ চলচ্চিত্রের নাম ‘জিরো ডার্ক থার্টি’। চলচ্চিত্রটির পরিচালক ক্যাথরিন বিগেলো ও চিত্রনাট্যকার মার্ক বোলকে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়। ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আইনি সংস্থাটি জানায়, বিন লাদেনকে হত্যার অভিযান পরিচালনাকারী নৌ কমান্ডো ইউনিট ‘সিল টিম ৬’র এক পরিকল্পনাকারী, পরিচালক ও কমান্ডারের সঙ্গে পেন্টাগন যে বিগেলো ও বোলের সাক্ষাতের অনুমতি দিয়েছিলো নথিপত্রে সেই ইঙ্গিত পাওয়া যায়। নথিপত্রগুলোর মধ্যে ২০১১ সালের ১৪ জুলাইয়ের একটা রেকর্ড রয়েছে যাতে জানা যায়, চলচ্চিত্রটির বিষয়ে আলোচনা করতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ কর্মকর্তা ডেনিস ম্যাকডোনাগ ও প্রধান সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনানের সঙ্গে বৈঠক করেন বোল। জুডিসিয়াল ওয়াচ জানায়, নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্র নির্মাতাদেরকে নেভি সিল টিমের ঊর্ধ্বতন এক কর্মকর্তার পরিচয় দেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান মিশেল ভিকারস। তারা আরো জানায়, বিগেলা ও বোলকে ‘ভল্ট’ পরিদর্শনের অনুমতি দিয়ে সিআইএ’র পাঠানো এক গোপন মেইলও রয়েছে তাদের কাছে। বিন লাদেনকে হত্যার কিছু পরিকল্পনা করা হয়েছিলো সিআইএ’র স্থাপিত এ ভল্টে। নথিপত্রের সত্যতা নিয়ে সিআইএ বা পেন্টাগন কিছু জানায়নি। চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট আইএমডিবি’র তথ্য অনুযায়ী, ভারত ও জর্ডানে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ চলছে। এতে অভিনয় করছেন খ্রিস প্র্যাট, জেসিকা চাস্টেন ও জোয়েল এডগার্টন। চলতি বছরের ১৯ ডিসেম্বর এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৩ ঘ.