২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৯০

ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২শ ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

সানা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২শ ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। সোমবার রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আল-সাবিন স্কয়ারে সেনাবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে এ হামলা হয়। সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন বলে পুলিশ জানায়। বিবিসি কে আল কায়েদার এক সূত্র জানিয়েছে, তাদেরই এক সদস্য বোমা হামলাটি চালিয়েছে। এএফপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সানার চিকিৎসকদের কয়েকটি সূত্রে নিহতের সংখ্যা অন্তত ৯৬ উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর চিফ অফ স্টাফ কুচকাওয়াজের মহড়াস্থলে উপস্থিত থাকলেও তারা অক্ষত আছেন। গত ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট আবদরাবু মনসুর হাদি ক্ষমতাগ্রহণের পর এটাই দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানায়, আত্মঘাতী এ বোমা হামলায় তিন শতাধিক মানুষ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা কর্নেল আমিন আল-আলঘাবি বলেন, “আমরা কুচকাওয়াজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমাদের অনেকে মারা যান। আমরা তাদের বাঁচানোর চেষ্টা করছিলাম।” “আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর পোশাকে ছিলো। তার শরীরে বিস্ফোরকের একটি বেল্ট ছিলো।” ইয়েমেনের একত্রীকরণ দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার প্রেসিডেন্টের উপস্থিতিতে সেনাবাহিনীর ওই কুচকাওয়াজ করার কথা ছিলো। ১৯৯০ সালে দক্ষিণ ও উত্তর ইয়েমেনের একত্রীকরণ হয়। আল-কায়েদা এ হামলা চালিয়েছে বলে ইয়েমেনের সেনা কর্মকর্তারা ধারণা করছেন। আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) জোর তৎপরতা রয়েছে ইয়েমেনে। যুক্তরাষ্ট্রের মতে ওই অঞ্চলসহ সারা বিশ্বের জন্য বড় ধরনের হুমকি আল-কায়েদার এই শাখা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭০৪ ঘ.