২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’কে প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে: ওবামা

ইউরোপীয় দেশগুলাকে কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দিতে হবে। এটি সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নিউইয়র্ক, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় দেশগুলাকে কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দিতে হবে। এটি সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জি-এইট সম্মেলনে বক্তৃতা শেষে ওবামা বলেন, ইউরোপ এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বলে আমাদের আস্থা আছে। সম্মেলনে ইউরোজোন সংকট ছাড়াও বিশ্ব নেতারা ইরান, আফগানিস্তান ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেন। বেশ কয়েকটি ইস্যুতে জি-এইট নেতারা ঐক্যমতে পৌঁছেছে বলেও জানিয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শনিবার জি-এইট এর সদস্য রাষ্ট্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, কানাডা ও রাশিয়ার নেতারা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে এসব ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনায় ইউরোজোন সংকট কাটাতে প্রবৃদ্ধি বাড়ানোসহ গ্রিসকে ইউরোজোনে রাখার পক্ষে মত দেন নেতারা। সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শিল্পসমৃদ্ধ ওই দেশগুলোর নেতারা জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ইরান, আফগানিস্তান ও উত্তর কোরিয়ার পরিস্থিতিসহ বেশ কয়েকটি ইস্যু তুলে ধরেন। ইরানের পরমাণু কর্মসূচি ও সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির নিয়ে প্রাথমিক আলোচনায় সহমত হন জি-এইট নেতারা। পরমাণু প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে ইরানের আরো খোলামেলা হওয়া উচিত বলে সম্মেলনে মত প্রকাশ করেন তারা। ওদিকে, সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার সময় হয়েছে বলেও তারা একমত পোষণ করেন। এছাড়া, পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত, বলেন তারা। ‘একগুঁয়ে নীতি’ বজায় রাখলে উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে একমত পোষন করেন নেতারা। অন্যদিকে, সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের বিষয়ে নেতারা সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১২ঘ.