২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা মানবাধিকারকর্মী চেন নিউ ইয়র্কে

চীনে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে আলোড়ন তোলা বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

বেইজিং, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে আলোড়ন তোলা বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। স¤প্রতি চীনে ১৯ মাসের গৃহবন্দিত্ব থেকে পালানো এবং পরে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়ে ৬ দিন পর সেখান থেকে বেরিয়ে এসে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন চেন। সেখানে পৌঁছেই চেন বলেন, “সমঅধিকার ও ন্যায়বিচারের কোনো সীমারেখা নেই।” ম্যাহাটনের গ্রিনউইচ ভিলেজে নিউ ইয়র্ক বিশ্ব বিদ্যালয় ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “চীন সরকার শান্ত ও সংযতভাবে পরিস্থিতি সামাল দিয়েছে দেখে আমি খুবই তুষ্ট। চীন এ ধারা চালিয়ে যাক, বিশ্বের দরবারে সম্মানিত হোক এবং জনগণের আস্থা অর্জন করুক এটাই আমার প্রত্যাশা।” চেন একইসঙ্গে তাকে সাহায্য ও সহযোগিতা করার জন্য মার্কিন কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান। নিউইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের স্কুল অব ল’ তে ফেলোশিপ করবেন তিনি। দৃষ্টিশক্তিহীন চেনকে শনিবার বেইজিং হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে তুলে দেয় চীন কর্তৃপক্ষ। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় চেনের যাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে কেবল তিনি দেশ ত্যাগ করেছেন বলে স্বীকারোক্তি দেয়। ফ্যাক্সে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “চেন গুয়াংচেং চীনা নাগরিক। চীনের বৈদেশিক বিষয় সংশ্লিষ্ট বিভাগ আইনানুযায়ীই তার দেশ ছাড়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।” চেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রবিভাগ। এর আগে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিয়মকানুন মেনে চেনের বিদেশে পড়াশুনার জন্য আবেদন করার কথা জানায়। স¤প্রতি চীনে গৃহবন্দিত্ব থেকে পালানো এবং বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয়লাভের ৬ দিন পর সেখান থেকে বেরিয়ে এসে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন চেন। দূতাবাসে তার আশ্রয়লাভকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়। পরে দুই দেশের সমঝোতায় চীনেই থাকতে চেয়েছিলেন চেন। কিন্তু দূতাবাস থেকে বেরনোর পর নিরাপত্তার স্বার্থে তিনি আর চীনে থাকতে রাজি হননি। যুক্তরাষ্ট্রে আশ্রয় চান। চীন সরকারও জানায়, চেন বিদেশে পড়াশোনা করতে গেলে তাদের আপত্তি নেই। যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ চেনকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনার জন্য ফেলোশিপ প্রস্তাব দেয়। কিন্তু চেনকে কবে নাগাদ চীন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে যেতে দেবে তা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর নতুন করে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চান তিনি। পরিবারকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন চেন। তার এ অভিযোগের পরই চীনের পক্ষ থেকে তাকে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়ার খবর পাওয়া যায়। চেন গুয়াংচেং নিজে নিজে আইন শিক্ষায় শিক্ষিত হয়ে চীনের এক সন্তান নীতি বাস্তবায়নে গর্ভপাতের ওপর সরকারের কঠোর আচরণের সমালোচনা করে আলোচনায় আসেন। এরপর ২০০৬ সালে ট্রাফিক অব্যবস্থাপনা ও সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে তাকে কারাগারে পাঠায় চীন সরকার। ২০১০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চীন তাকে গৃহবন্দী করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১১৩৮ঘ.