ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহরুখ খানকে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
ওই ঘটনায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, বুধবার রাতে ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর কয়েক সঙ্গীকে নিয়ে মাঠে ঢুকতে চান তিনি। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নিতিন ডালাল বলেন, “কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য আমরা তার বিরুদ্ধে ম্যারিন ড্রাইভ পুলিশ স্টেশনে একটি অভিযোগ করেছি।”
ঘটনার সময় শাহরুখ খান পুরোপুরি মদ্যপ ছিলেন অভিযোগ করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবি সভান্ত বলেন, “তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের প্রেসিডেন্ট ভিলাসারাও দেশমুখের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ভবিষ্যতে সারা জীবনের জন্য এ স্টেডিয়ামে তার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
এ বিষয়ে শাহরুখের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-বিসিসিআই) কাছেও অভিযোগ করা হবে বলে জানান তিনি।
তবে আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, শাহরুখকে স্টেডিয়ামে নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সব পক্ষের বক্তব্য নেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নয়া দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, শাহরুখ খান ও পুলিশের বক্তব্য শুনবো।”
“মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি এ ব্যাপারে এমসিএ’র প্রেসিডেন্ট ভিলাসারাও দেশমুখের সঙ্গে কথা বলবো। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর এ বিষয়ে কথা বলবো,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24