ওয়াশিংটন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে আলোড়ন তোলা বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং বলেছেন, সপরিবারে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি।
এখন ১৫ দিনের মধ্যেই তার কাগজপত্র প্রস্তুত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
বেইজিং হাসপাতালে অবস্থানরত চেন বলেন, সরকারি কর্মকর্তারা বুধবার তাকে দেখতে এসেছে এবং তিনিসহ তার স্ত্রী এবং দুই সন্তানের পাসপোর্ট ফরম পূরণ করেছে।
পাসপোর্ট ইস্যু করতে ১৫ দিন লাগবে বলেও জানান কর্মকর্তারা। তবে তারা নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেন নি এবং কখন পাসপোর্ট দেওয়া হবে তা বলেন নি।
নির্দিষ্ট কোনো সময়ে পাসপোর্ট দেওয়ার কোনো নিশ্চয়তাও তারা দেননি বলে জানান চেন। বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে বুধবারেই চেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফোন করে তার পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন।
ফোনে চেন বলেন, তার ভাইপো চেন কেগুই’য়ের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে ।
সরকার-সমর্থিত দুর্বৃত্তরা শানডং প্রদেশে কেগুইয়ের বাড়িও ভাঙচুর করেছে এমনকি তাকে লাঠিপেটা করে মুখমণ্ডল রক্তাক্ত করেছে। ওই সময় কেগুই আত্মরক্ষার চেষ্টা করলে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দৃষ্টহীন চেন এর আগে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া এবং সেখান থেকে নাটকীয়ভাবে বেরিয়ে আসার পর দু’সপ্তাহ আগে প্রথম মার্কিন কংগ্রেসে ফোন করেন।
পরিবারের নিরাপত্তাহীনতার কথা কংগ্রেস নেতাদের জানিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় কামনা করেন তিনি।
মার্কিন দূতাবাসে চেনের আশ্রয় নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ চীন কর্তৃপক্ষ সে সময় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করার পাশাপাশি চেনের পরিবার এমনকি তার সঙ্গে সম্পৃক্তদের ওপর খড়গহস্ত হয়।
ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা নিয়ে চীন পড়াশুনার জন্য চেনকে বিদেশে যেতে দেওয়ারও ইঙ্গিত দেয়। সঙ্গে সঙ্গে চেনকে ফেলোশিপ করার আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্রের দু’টি বিশ্ববিদ্যালয়।
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য চেন ও তার পরিবারের সদস্যদের ভিসাও প্রস্তত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়।
কিন্তু চীন সপরিবারে চেনকে কবে নাগাদ যুক্তরাষ্ট্রে যেতে দেবে তা এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না।
এ ঘোলাটে পরিস্থিতির মধ্যেই চেন বুধবার দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসকে জানান চীনা কর্তৃপক্ষের হাতে তার পরিবারের সদস্যের নাকাল হওয়ার কথা।
চেনের পক্ষের এক মানবাধিকারকর্মী রে¹ি লিটিলজন বলেছেন, এখন সবচে বেশি উদ্বেগের ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রে যেতে চেনের কাগজপত্র প্রস্তুত হতে কতদিন লাগবে সেটি।
“চীনা কমিউনিস্ট পার্টিতে হয়তো এমন অনেকেই আছে যারা তাকে যুক্তরাষ্ট্রে যেতে দিতে চায় না”, বলেন, রে¹ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৭ঘ.
bdnews24