লন্ডন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক বসনীয় সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের বিচার মুলতবি করেছে আন্তর্জাতিক আদালত।
মাত্র একদিন আগে বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ম্লাদিচের বিচার শুরু হয়েছিল।
কৌসুলিরা আদালতে কিছু তথ্যপ্রমাণ দিতে না পারায় বিচারকাজ পিছিয়ে দেওয়া হয়।
ম্লাদিচের আইনজীবীদের কাছে প্রায় ৭ হাজার পাতার তথ্যপ্রমাণ উপস্থাপনের কথা থাকলেও তা করতে পারেননি সরকারি কৌসুলিরা।
ফলে তারা এ ভুল স্বীকার করে নিয়েছেন এবং বিচার পিছিয়ে দেওয়া নিয়ে কোনো আপত্তিও করেননি।
ম্লাদিচের আইনজীবী বিচারকাজ ছয়মাস দেরী করার অনুরোধ জানিয়েছেন।
তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আলফোস ওরি বলেছেন, বিচারকরা ভুলের বিষয়টি পরিপূর্ণভাবে খতিয়ে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিচারের নতুন দিন ধার্য করবেন।
মামলায় বলকানের কসাইখ্যাত ম্লাদিচের বিরুদ্ধে ১১ টি অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসা শহরে ৭ সহস্রাধিক মুসলিম পুরুষ ও বালককে হত্যার অভিযোগ অন্যতম। ম্লাদিচকে এ হত্যাকাণ্ডের মূল হোতা বলেই মনে করা হয়।
এছাড়া, ৪৪ মাস ধরে সারায়েভো অবরোধ করার ফলে ১০ হাজারেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যুর জন্যও দায়ী করা হয় ম্লাদিচকে।
তবে ম্লাদিচ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন সার্ব বাহিনীর নেতা হিসাবে তিনি জনগণকে রক্ষারই চেষ্টা করেছিলেন।
বুধবার আদালতের শুনানিতে হাজির হয়ে তার হত্যাযজ্ঞের শিকার হওয়াদের পরিবার-পরিজনকে বিদ্রুপ করেন ম্লাদিচ। অপকর্মের জন্য অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণই তিনি দেখাননি।
বরং আদালতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি আক্রমণাত্মক আচরণ করলে পরে বিচারকের হস্তক্ষেপে তাকে থামানো হয়।
২০১১ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার আগে ১৫ বছর পলাতক ছিলেন ৭০ বয়সী এই সাবেক সেনা কমাণ্ডার।
এর আগে ২০০৮ সালে গ্রেপ্তার হন তার দুস্কর্মের সহযোগী এবং যুদ্ধকালীন বসনীয় সার্ব রাজনৈতিক নেতা রাদোভান কারাদজিচ। তার বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে আদালত। কারাদজিচের বিরুদ্ধে অভিযোগগুলো বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এলকিউ/২০৩৮ঘ.
bdnews24