২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একযোগে কাজ করার প্রতিশ্র“তি মের্কেল-ওলান্দের

ইউরোপের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

বার্লিন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। প্রবৃদ্ধি বাড়ানো নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য স্বীকার করার পরও মঙ্গলবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে যৌথভাবে কাজ করার এ ঘোষণা দেন দ্ইু ইউরোপীয় নেতা। ঋণ জর্জরিত গ্রিসকে ইউরোজোনেই রাখতে চান বলেও জানান দুইজন। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই বার্লিনের উদ্দেশ্যে প্যারিস ছাড়েন ওলান্দ। কিন্তু বজ্রঝড়ের কারণে ওলান্দকে বহনকারী বিমানটি অল্পক্ষণ পরেই আবার প্যারিসে ফিরে আসে। এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর তিনি আবার বার্লিনের উদ্দেশ্যে রওনা হন। বার্লিনে তিনি মেরকেলের সঙ্গে বৈঠকে মিলিত হন। ইউরোপের ঋণ সঙ্কট মোকাবেলার কৌশল নিয়ে রক্ষণশীল মেরকেল ও সমাজতন্ত্রী ওলান্দের মতপার্থক্যই এখন ইউরোপের সবচেয়ে বড় কৌতুহলের বিষয়। নির্বাচনী প্রচারণার সময় একক মুদ্রা ইউরোভুক্ত দেশগুলোর ঋণসঙ্কট মোকাবেলায় মেরকেল গৃহীত কৃচ্ছতা নীতির তীব্র সমালোচনা করেছিলেন ওলান্দ। বিপরীতে ওলান্দের প্রতিদ্বন্দ্বি রক্ষণশীল সারকোজির প্রতি সমর্থন জানিয়েছিলেন মেরকেল। তীব্র ঋণ সঙ্কটের মুখে ইউরোপের প্রধান দুই অর্থনৈতিক শক্তির প্রধানদের এ মতপার্থক্যে ১৩ বছর বয়সী একক মুদ্রা ইউরোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতেই বার্লিনের সংবাদ সম্মেলনে ওলান্দ ও মেরকেল তাদের মতপার্থ্যকের ব্যাপারে সতর্ক থেকে ইউরোর ভবিষ্যৎ নির্ধারণে একত্রে কাজ করার অঙ্গীকার করে সবাইকে আশ্বস্ত করলেন। “আমি আমার নির্বাচনী প্রচারণার সময়ও বলেছি, এখন প্রেসিডেন্ট হিসেবেও বলছি, প্রবৃদ্ধির বিষয়টি নিয়ে আমি নতুন করে আলোচনা করতে চাই।,” বার্লিনে বলেন ওলান্দ। ওলান্দ কৃচ্ছতা নীতি নয় বরং প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দেওয়া এবং নতুন করে কঠোর বাজেট নীতিমালা প্রণয়নের অঙ্গীকার করেছেন। মেরকেল এবং অন্যান্য ইইউ নেতারাও এ বছর এ ব্যবস্থা মেনে নিতে একমত হয়েছেন। যদিও এমন পদক্ষেপ সমর্থন করে না বার্লিন। কিন্তু এবার ওলান্দের সঙ্গে বার্লিন সংবাদ সম্মেলনে মেরকেলও বলেছেন, “জনগণের ভরণপোষণের জন্যই প্রবৃদ্ধি। তাই প্রবৃদ্ধি অর্জনের ভিন্ন ভিন্ন উপায় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে বলে আমি খুশি।” আগামী জুনের শেষে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন হবে। ওই সম্মেলনে জার্মানি- ফ্রান্স যৌথ প্রস্তাব দেওয়ার লক্ষ্যে দু’নেতা কাজ করে যাবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৬ঘ.