২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেপিমর্গানে ওবামার একাউন্ট আছে : হোয়াইট হাউজ

লোকসানের মুখে পড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমর্গান চেজ এন্ড কোং’য়ে প্রেসিডেন্ট বারাক ওবামার একাউন্ট আছে। ৫ লাখ থেকে ১০ লাখ ডলারের মতো অর্থ জমা আছে সে একাউন্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ওয়াশিংটন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লোকসানের মুখে পড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমর্গান চেজ এন্ড কোং’য়ে প্রেসিডেন্ট বারাক ওবামার একাউন্ট আছে। ৫ লাখ থেকে ১০ লাখ ডলারের মতো অর্থ জমা আছে সে একাউন্টে। মঙ্গলবার হোয়াইট হাউজ প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র এমি ব্রানডেজ জানান, “একাউন্টটি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ব্যবহার করতেন। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের একাউন্টের মতো এটিও ছিল চেকের মাধ্যমে লেনদেনকৃত সুদ ভিত্তিক একাউন্ট।” এ ব্যাংক হিসাবে ২০১১ সালে ২০১ ডলারের চেয়েও কিছু কম সুদ হয়েছে বলেও জানান তিনি। ভুল ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে গত শুক্রবার ২০০ কোটি ডলার লোকসানের ঘোষণা দেয় জেপি মরগান চেজ এন্ড কোং। এতে কোম্পানির শেয়ার দর ৭ শতাংশ পড়ে যায়। যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন’ ব্যাংকটির লোকসানের কারণ বের করার জন্য তদন্ত শুরু করেছে। বিপর্যয়ের শিকার হওয়ার পর ব্যাংকটি সম্পর্কে ওবামা বলেছেন, “জেপিমর্গান ছিল দেশের সেরা ব্যবস্থাপনার ব্যাংকগুলোর অন্যতম।” ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে আরো নিবিড় অর্থনৈতিক দুরদর্শীতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ব্যাংকটিতে যুক্তরাষ্ট্রের রাজস্ব (ট্রেজারি) বিভাগ থেকে পাওয়া ওবামার ৫ লাখ থেকে ১০ লাখ ডলারের মতো সম্পদ জমা ছিল। এছাড়া ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মতো ট্রেজারি নোটও প্রেসিডেন্টের নামে জমা ছিল বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৪ঘ.