২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি জলদস্যুদের ওপর ইইউ বিমান হামলা

সোমালিয়ার উপকূল বরাবর জলদস্যুদের ঘাঁটিতে মঙ্গলবার প্রথম নজরদারি বিমান ও হেলিকপ্টার হামলা চালিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নাইরোবি, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার উপকূল বরাবর জলদস্যুদের ঘাঁটিতে মঙ্গলবার প্রথম নজরদারি বিমান ও হেলিকপ্টার হামলা চালিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী। এ হামলায় জলদস্যুদের কয়েকটি নৌকা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। হেলিকপ্টারে করে সোমালিয়ার হারধেরে বন্দরের কাছের জলদস্যু ঘাঁটিগুলোতে হামলা চালাতে যায় জলদস্যুতা মোকাবেলায় নিয়োজিত ইইউ বাহিনী। জলদস্যুদের হাতে আটক ক্রুদের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় ইইউ বাহিনী এতোদিন সোমালিয়ার মূল ভূখন্ডের ঘাঁটিগুলোতে হামলা চালানোর সাহস করেনি। এবার সেই সাহস করে জলদস্যুদের বিরুদ্ধে জোর লড়াইয়ে নামারই চেষ্টা নিল তারা। সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর জুড়ে বিভিন্ন দেশের জাহাজ ছিনতাই করে মোটা মুক্তিপণের বিনিময়ে জিম্মিদের মুক্তি দিয়ে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে। তাদের হাতে ১৭ টি জাহাজ এবং ৩শ ক্রু আটক আছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে গ্রিসের মালিকানাধীন একটি তেল ট্যাংকার ‘সিরনি’ ছিনতাই হওয়ার ৪ দিন পর জলদস্যুদের ওপর এ বিমান হামলা চালাল ইইউ। জলদস্যুরাও তাদের ওপর হামলা হওয়ার কথা জানিয়েছে। আবদি পরিচয়ে এক সোমালি জলদস্যু বলেন, সকালের দিকে আকস্মিক এক হেলিকপ্টার হামলায় তাদের ৫ টি নৌকা ধ্বংস হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১০৭ঘ.