ইউরোপে নতুন দ্বার খুলবেন ওলান্দ
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েই ইউরোপে সম্ভাবনার নতুন দ্বার খোলার অঙ্গীকার করেছেন ফ্রাঁসোয়া ওলান্দ। ভিডিও
প্যারিস, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েই ইউরোপে সম্ভাবনার নতুন দ্বার খোলার অঙ্গীকার করেছেন ফ্রাঁসোয়া ওলান্দ।
ঋণ সঙ্কটসহ সামনে নানা চ্যালেঞ্জ আছে- একথা স্বীকার করে নিয়েও প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণে আস্থার সঙ্গে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউরোপে নতুন পথ খোলার অঙ্গীকার করে ওলান্দ বলেন, ফ্রান্স এ যাবৎ সব চ্যালেঞ্জই মোকাবেলা করে এসেছে। এবার প্রেসিডেন্ট হিসাবে তিনি দেশেকে ন্যায়বিচারের পথে ফেরাতে চান। ইউরোপে খুলতে চান নতুন দ্বার। অবদান রাখতে চান বিশ্ব শান্তি এবং পৃথিবী সুরক্ষায়।
বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মতো নিয়ন্ত্রণ নয় বরং আরো মর্যাদাশীল ও সংযমী প্রেসিডেন্সির প্রতিশ্র“তি দেন ওলান্দ। তিনি বলেন, পার্লামেন্টকে পরিপূর্ণ ভূমিকা পালন করতে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।
মঙ্গলবার শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওলান্দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
এর মধ্য দিয়ে ফ্রান্সে ফ্রাঁসোয়া মিতেরার পর ওলান্দই হলেন প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট।
প্যারিসের এলিসি প্রাসাদে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওলান্দ।
এ সময় ওলান্দকে স্বাগত জানান সারকোজি। প্যারিসের এলিসি প্রাসাদে সিড়ি থেকে ওলান্দকে নিয়ে প্রাসাদের ভেতরে যান তিনি।
শপথ গ্রহণের আগেই পরমাণু অস্ত্রের নথিসহ রাষ্ট্রীয় অন্যান্য গোপন নথি নতুন প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন সাবেক প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০০ অতিথি উপস্থিত ছিলেন।
ফরাসি সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে স¤প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজিকে পরাজিত করেন ওলান্দ। এর মধ্য দিয়ে ১৭ বছর পর আবার একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট পেল ফ্রান্স।
শপথ গ্রহণের পরপরই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠক করতে বার্লিনের উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করার কথা ওলান্দের।
ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলন হবে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী দেশ জার্মানির রাজধানী বার্লিনে।
ইউরোপীয় অর্থনীতির এক টালমাটাল পরিস্থিতিতে ফ্রান্সের দায়িত্ব নিলেন ওলান্দ, যখন গ্রিস, স্পেন, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশকে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় কঠোর কৃচ্ছতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
অ্যাঙ্গেলা মেরকেল নেতৃত্বাধীন জার্মানির মধ্যডানপন্থী সরকার এই সঙ্কট মোকাবেলায় নেতৃত্বে থাকলেও ইউরোপীয় জোটের নীতি নির্ধারণের ক্ষেত্রে ফ্রান্সের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আর এক্ষেত্রে সমাজতন্ত্রী ওলান্দ সঙ্কট মোকাবেলায় মেরকেলের কৃচ্ছতা নীতির বিরোধিতা করতে পারেন বলে ধারণা করছেন বিশ্লে¬ষকরা।
ফলে ওলান্দ তার প্রথম সংবাদ সম্মেলনে কি বলেন- তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন একক মুদ্রা হিসাবে ইউরো ব্যবহারকারী দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৪৭ ঘ.
