২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাসীকে বাঁচাতে পদক্ষেপের তাগিদ বিজ্ঞানীদের

আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের নয়শ’কোটি মানুষের খাবারের চাহিদা পূরণের জন্য পানি ও জ্বালানি খাতের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৫টি দেশের বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের নয়শ’কোটি মানুষের খাবারের চাহিদা পূরণের জন্য পানি ও জ্বালানি খাতের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৫টি দেশের বিজ্ঞানীরা। আগামী ১৮-১৯ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি৮ সম্মেলনকে সামনে রেখে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় সায়েন্স অ্যাকাডেমি রয়েল সোসাইটিসহ বিশ্বের ১৫টি দেশের প্রধান সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এবারই প্রথমবারের মতো বিজ্ঞানীরা পানি ও জ্বালানির স্বল্পতাকে একক সমস্যা হিসেবে বিবেচনার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, “বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে ইতোমধ্যেই জ্বালানি ও পানির সহজলভ্যতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে এবং অনেক দেশই এটা করার ইঙ্গিত দিয়েছে।” বিশ্বের মোট জ্বালানির বড় অংশই এখনো জীবাশ্ম জ্বালানি, পরমাণু ও জলবিদ্যুৎ থেকে আসে এবং এগুলো ব্যাপকভাবে পানির সরবরাহের ওপর নির্ভরশীল। তাই পানি ও জ্বালানি নিয়ে একসঙ্গে ভাবনার ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞানীরা বলেন, “পানি ও জ্বালানি নিয়ে একসঙ্গে না ভাবলে সমস্যায় পড়তে হবে। দুটোরই অভাব দেখা দেবে।” দুর্যোগ সুনামি, ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবেলায় বিশ্বের সহনশীলতা আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের মাইকেল ক্লেগ বলেন, “দুর্যোগ অবশ্যাম্ভাবী।” বর্তমান বিশ্বে সাতশ’ কোটি মানুষ রয়েছে। মানুষের বৃদ্ধি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঊপকূলীয় এলাকায় বসবাসরতরা সবচেয়ে বেশি অসহায় হবে। “সহনশীলতা বৃদ্ধির জন্য আমাদের কার্যপ্রণালীতে এর ওপর আরো গুরুত্ব দিতে হবে।” বিজ্ঞানীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে বিশ্বে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ে উন্নত দেশগুলোতে নিহতের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিলো বলে জানান তারা। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দ্রুত সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার জন্য উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতি আহ্বান জানান বিজ্ঞানীরা। এছাড়া বৈষ্ণিক উষ্ণায়ণের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার উদ্যোগ নিতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, মরক্কো ও দক্ষিণ আফ্রিকার সায়েন্স অ্যকাডেমির পক্ষ থেকে ওই বিবৃতি পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৬৪১ ঘ.