রামাল্লা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিরল এক যৌথ বিবৃতিতে রোববার শান্তি স্থাপনের প্রতিশ্র“তি দিয়েছে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করার জন্য একজন দূত পাঠানোর পর এ যৌথ বিবৃতি দেওয়া হয়।
ইসরায়েলর দূত যিজহাক মোলকো রামাল্লায় আব্বাসের সাথে দেখা করার পর নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত হয় এ বিবৃতি।
এতে বলা হয়েছে, “ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ শান্তি স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ এবং উভয় পক্ষই আশা করছে প্রেসিডেন্ট আব্বাস ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে চিঠি আদান-প্রদান এ প্রক্রিয়াকে আরো বেগবান করবে।”
গত মাসে আব্বাসের দেওয়া চিঠির উত্তর নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ওই ইসরায়েলি দূত।
চিঠিতে ইসরায়েলি ওই নেতা ২০১০ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্ষোভ প্রকাশ এবং পুনরায় আলোচনা শুরু করার জন্য তার শর্তগুলো তুলে ধরেছেন।
নেতানিয়াহুর পুরো চিঠিটি প্রকাশ করা হয়নি। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন, শান্তি আলোচনা শুরুর আগে ফিলিস্তিনিদের মূল দাবি ইসরায়েল অধিকৃত অঞ্চলে সব হুইদি বসতি নির্মাণ বন্ধের ইস্যুটি নেতানিয়াহু গ্রহণ করবে বলে তারা মনে করেন না।
ফিলিস্তিনি কর্মকর্তারও এরই মধ্যে নেতানিয়াহুর চিঠির প্রতিক্রিয়ায় বলেছেন, তার চিঠিতে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে অগ্রগতি হওয়ার মতো কোনোকিছু নেই। তার চিঠিতে শান্তি আলোচনা শুরুর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন পিএলও’র নির্বাহী কমিটির সদস্য হানান আশরাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.
bdnews24