২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান শান্তি আলোচনার মধ্যস্থতাকারী গুলিতে নিহত

আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নিয়োজিত পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী আরসালা রহমানি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

কাবুল, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নিয়োজিত পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী আরসালা রহমানি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। রোববার রাজধানী কাবুলে তিনি গুলিবিদ্ধ হন। কয়েকজন পার্লামেন্ট সদস্য ও সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে কাবুলে সুরক্ষিত কূটনৈতিক এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়া সেন্টারে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। কাবুল পুলিশের তদন্ত শাখার প্রধান মো. জহির বলেন, “রাস্তায় জ্যামে আটকে থাকার সময় পাশের একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়েছে।” “গুলিবিদ্ধ হয়ে রহমানি নিহত হয়েছেন এটা তার চালক তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি।” এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি। সাবেক তালেবান মন্ত্রী আরসালা রহমানি তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনায় গঠিত আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দুই বছর আগে প্রতিষ্ঠিত আফগান পিস কাউন্সিলের প্রধান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানি গত বছর এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৩২৫ ঘ.