২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ কোটি ডলার লোকসানে জেপি মরগান

ভুল ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে ২০০ কোটি ডলার লোকসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ, যার পরপরই এ কোম্পানির শেয়ার দর পড়ে গেছে এক লাফে ৭ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

নিউ ইয়র্ক, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভুল ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে ২০০ কোটি ডলার লোকসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ, যার পরপরই এ কোম্পানির শেয়ার দর পড়ে গেছে এক লাফে ৭ শতাংশ। জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন বলেছেন, এই পরিস্থিতিতে তারা যার পর নাই বিব্রত। গ্রাহক ও শেয়ার মালিকদের কাছে ক্ষমা চেয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে কোম্পানিকে। এই লোকসানের পরিমাণ আরো ১০০ কোটি ডলার বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ব্রিবত ডিমন। আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সুনামধারী ব্যাংক জেপি মরগানকে গত বিশ্ব মন্দার সময়ও এ রকম বিপদে পড়তে হয়নি। হঠাৎ ব্যাংকটির এই বিপুল পরিমাণ লোকসানের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে অন্যান্য ব্যাংকের শেয়ারেরও দরপতন হয়েছে। জেমি ডিমন সংবাদ সম্মেলনে জানান, জেপি মরগানের নিউ ইয়র্ক ও লন্ডন কার্যালয় যেসব বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ছিল ধারণার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং কম কার্যকর। “এগুলো অমার্জনীয় ভুল, এভাবে আমাদের ব্যবসা চলে না”, বলেন প্রধান নির্বাহী। বিনিয়োগকারী ও শেয়ার মালিকদের উদ্দেশে তিনি বলেন, “এই ক্ষতি আমাদের মেনে নিতেই হচ্ছে। তবে এটা আমরা কাটিয়ে উঠব, এগিয়ে যাক। এই ভুল থেকে আমরা শিক্ষা নেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৭৪৫ ঘ.