২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি ও পেশোয়ারে কার্যক্রম বন্ধ করেছে রেডক্রস

পাকিস্তানের দুই প্রধান শহর করাচি ও পেশোয়ারে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম বন্ধ করেছে রেডক্রস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের দুই প্রধান শহর করাচি ও পেশোয়ারে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম বন্ধ করেছে রেডক্রস। সংস্থাটির হয়ে সেখানে কর্মরত ব্রিটিশ নার্স খলিল দালের হত্যাকাণ্ডের পর রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস-আইসিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার বিবিসি জানিয়েছে। গত ২৯ এপ্রিল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে খলিলের মুণ্ডুবিহীন লাশ উদ্ধার করা হয়। এর চার মাস আগে তাকে অপহরণ করা হয়েছিল। বেলুচিস্তান ও তার রাজধানী কোয়েটায় ইতোমধ্যে কার্যক্রম বন্ধ করেছে রেডক্রস। আইসিআরসি বলেছে, কর্মীদের ওপর হামলা বাড়তে থাকায় পাকিস্তানে তাদের কার্যক্রম নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় আইসিআরসির হেড অফ অপারেশনস জ্যাক দ্য মাইয়ো বলেন, “আইসিআরসির ওপর সা¤প্রতিক হামলা এখানে আমাদের মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমের প্রভাব এবং আমাদের কর্মীদের ঝুঁকির বিষয়টি পুনর্মূল্যায়নে বাধ্য করেছে।” পাকিস্তানে আইসিআরসির হেড অফ ডেলিগেশন পল কাস্টেলা বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানে এ সংস্থাটির উপস্থিতি নিয়ে একটি সিদ্ধান্ত আসবে। করাচি ও পেশোয়ারে কার্যক্রম বন্ধ করার মধ্য দিয়ে পাকিস্তানের চার প্রদেশের তিনটিতেই রেডক্রসের কোনো কার্যক্রম থাকছে না। সম্প্রতি পাকিস্তানের প্রায় ৫০টি মানবিক ত্রাণ সহায়তা প্রদানকারী সংস্থার জোট পাকিস্তান হিউম্যানিটারিয়ান ফোরাম (পিএইচএফ) জানায়, ২০০৯ সালের পর থেকে পাকিস্তানে অন্তত ১৯ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আর এ সময়ে ২০ জনের বেশি ত্রাণকর্মীকে ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসীরা অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২০৭ ঘ.