সিয়াটল, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেংকে এবার ফেলোশিপ প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল ইয়ং এবং প্রভোস্ট আনা মারি কাউস এর সই করা একটি চিঠিতে চেনকে সিয়াটল-ভিত্তিক এ প্রতিষ্ঠানে আইন কিংবা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ করার আমন্ত্রণ পেয়েছিলেন চেন। ওবামা প্রশাসন ও চীনের মধ্যকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতির অপেক্ষায় আছেন তিনি।
গৃহবন্দিত্ব থেকে নাটকীয়ভাবে পালিয়ে বেইজিং এর মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া এবং পরে সেখান থেকে বের হয়ে আসার পর দৃষ্টিশক্তিহীন চেনকে পড়াশুনা করতে বিদেশে যেতে দেওয়ার ইঙ্গিত দিয়েছে চীন কর্তৃপক্ষ।
১৯ মাস গৃহবন্দি অবস্থায় কাটানো চেন এখন ভাঙা পা ও অন্যান্য অসুস্থতার চিকিৎসার জন্য হাসপাতালে আছেন। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি সপরিবারেই যুক্তরাষ্ট্রে থেকে পড়াশুনা করতে চান।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, চেন বিদেশে পড়াশুনার জন্য সঠিক নিয়মকানুন মেনে আবেদন করতে পারেন। কিন্তু তাকে কবে নাগাদ বেইজিং বিদেশে যেতে দেবে তা এখনো ষ্পস্ট বোঝা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৩ঘ.
bdnews24