এথেন্স, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে কনজারভেটিভ এবং বামপন্থি ব্লকের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার এ পথে শেষ চেষ্টায় নামছে স্যোশালিস্ট পাসোক পার্টি।
সদ্য হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে ভোটাররা বেইলআউট চুক্তি প্রত্যাখ্যান করার পর সৃষ্ট রাজনৈতিক সঙ্কটের মুখে নতুন করে আরেকটি মধ্যবর্তী নির্বাচন এড়াতে বৃহস্পতিবার নতুন সরকার গঠনের চেষ্টা চালাবেন পাসোক নেতা এভাঞ্জেলোস ভেনিজেলোস।
কিন্তু তার পক্ষেও সরকার গঠন করতে পারার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম অবস্থানে থাকা মধ্য-ডান নিউ ডেমোক্র্যাসি পার্টি এবং দ্বিতীয় অবস্থানে থাকা বাম ব্লক সিরিজা ইতোমধ্যেই সরকার গঠন নিয়ে আলোচনায় ব্যর্থ হয়েছে।
আর গ্রিসে কঠোর ব্যয়সঙ্কোচানের পদক্ষেপে স্যোশালিস্ট পাসোক পার্টির সহযোগিতা করার কারণে দলটির বিরুদ্ধে জনরোষ আছে। আর সেকারণেই দলটির সরকার গঠনের চেষ্টা সফল হওয়া দুরূহ; বলছেন সংবাদদাতারা।
তবে ভেনিজেলোস বলছেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা যে কোনো সমাধানে পৌঁছতে পারব না তা স্পষ্ট। কিন্তু তারপরও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে।”
সরকার গঠনের অনুমতি নিতে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনিজেলোস।
এর আগে বুধবার ব্যয়সঙ্কোচন বিরোধী বামপন্থি সরকার গঠন নিয়ে রাজনৈতিক কোন্দলে আরেকটি মধ্যবর্তী নির্বাচনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় গ্রিস।
নিউ ডেমোক্র্যাসি নেতা অ্যান্টনিস সামারাস বুধবার টেলিভিশনে এক বক্তব্যে বাম ব্লকের নেতা অ্যালেক্সিস টিপারসের তীব্র সমালোচনা করে বলেন, টিপারস যে নতুন সরকার গঠনের পরিকল্পনা করেছেন তাতে ইউরো জোন থেকে ছিটকে পড়বে গ্রিস।
বেইলআউট তহবিল এবং এর বিনিময়ে কঠোর ব্যয়সঙ্কোচনের শর্ত বিরোধী নতুন গ্রিক সরকার গঠন নিয়ে বুধবার বেইলআউটপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে টিপারসের আলোচনা কোনো ফল বয়ে আনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১২ঘ.
bdnews24