এথেন্স, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যয়সঙ্কোচন বিরোধী বামপন্থি সরকার গঠন নিয়ে রাজনৈতিক কোন্দলে আরেকটি মধ্যবর্তী নির্বাচনের দ্বারপ্রান্তে পৌঁছেছে গ্রিস।
দেশটিতে সদ্য হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে প্রথম স্থানে থাকা বৃহত্তম রাজনৈতিক দল নিউ ডেমোক্র্যাসির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে দ্বিতীয় অবস্থানে থাকা বামপন্থি ব্লক সিরিজা।
নিউ ডেমোক্র্যাসি নেতা অ্যান্টনিস সামারাস বুধবার টেলিভিশনে এক বক্তব্যে বাম ব্লকের নেতা অ্যালেক্সিস টিপারসের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, টিপারস যে নতুন সরকার গঠনের পরিকল্পনা করেছেন তাতে ইউরো জোন থেকে ছিটকে পড়বে গ্রিস।
আর তাই ইইউ/আইএমএফ এর বেইলআউট তহবিল বিরোধী সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর আগে তাকে কাণ্ডজ্ঞান ঠিক রাখার পরামর্শ দিয়েছেন সামারাস।
বেইলআউট তহবিল এবং এর বিনিময়ে কঠোর ব্যয়সঙ্কোচনের শর্ত বিরোধী নতুন গ্রিক সরকার গঠন নিয়ে বুধবারই বেইলআউটপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা টিপারসের।
নতুন সরকার গঠনের জন্য মঙ্গলবার টিপারসকে মাত্র তিনদিন সময় দেওয়া হয়েছে।
এ সময়ের মধ্যে দুপক্ষ সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে গ্রিসে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানের পট প্রস্তুত হবে।
নিউ ডেমোক্র্যাসি ইতোমধ্যেই নতুন সরকার গঠনে ব্যর্থ হওয়ায় এ চেষ্টা নিয়েছে বাম ব্লক সিরিজা।
গ্রিসে কঠোর কৃচ্ছতা পদক্ষেপ প্রত্যাখ্যান করে একটি নতুন বামপন্থি মন্ত্রিসভা গড়তে চান টিপারস। কিন্তু তার পক্ষে কাজটা খুব সহজ হবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
গত রোববার গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে জনগণ স্পষ্টতই বইলআউট তহবিলের জন্য ইইউ/আইএমএফ এর বেঁধে দেওয়া কঠিন শর্ত প্রত্যাখ্যান করেছে।
৯৫ শতাংশ ভোট গণনায় দেখা যায়, গ্রিসে কয়েক দশক ধরে আধিপত্য ধরে রাখা মূল ধারার দুই রাজনৈতিক দল রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি এবং স্যেশালিস্ট পাসোক পার্টি ৩৩ শতাংশেরও কম ভোট পেয়ে ৩শ আসনের পার্লামেন্টে ১৫০ আসন পেয়েছে।
৯৯ শতাংশ ভোট গণনায় নিউ ডেমোক্র্যাসি পেয়েছে মাত্র ১৮ দশমিক ৯ শতাংশ ভোট। ২০০৯ সালে এ হার ছিলো ৩৩ দশমিক ৫ শতাংশ।
নিউ ডেমোক্র্যাসি এবং নব্য-নাৎসি পার্টির পর দ্বিতীয় স্থানে উঠে আসে বাম ব্লক সিরিজা। আর ১৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে যায় পাসোক পার্টি। যেখানে গত নির্বাচনে দলটি পেয়েছিল ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।
এর পরও গ্রিসের নিউ ডেমোক্র্যাসির মধ্য-ডানপন্থি নেতা এন্টানিস সামারাস একটি সরকার গঠনের চেষ্টা চালাতে ইউরোপপন্থি ঐকমত্যের সরকার গঠনের ডাক দেন। ওদিকে, পাসোক নেতা এভাঞ্জেলোস ভেনিজেলোসও ঐকমত্যের সরকার গড়ার ডাক দেন। কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয়।
অন্যদিকে, নির্বাচনে বেইলআউট বিরোধী ছোট দলগুলো জিতলেও বিকল্প একটি জোট সরকার গড়া নিয়ে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
এ অবস্থায় গ্রিসে কি ধরনের সরকার গঠন করা হবে এবং নতুন সরকার ইইউ/আইএমএফ কর্মসূচি সমর্থন করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অনিশ্চয়তার ঘেরাটোপ এখনো কাটেনি।
জনগণের ভোট ঋণ সঙ্কট কাটাতে আন্তর্জাতিক বেইলআউট তহবিলের বিনিময়ে গ্রিস সরকারের নেওয়া কৃচ্ছতা পদক্ষেপের বিরুদ্ধে গেলেও এ তহবিল প্রবাহ ধরে রাখতে দেশটির ভবিষ্যৎ যে কোনো নতুন সরকারের জন্যই কঠোর ব্যয়ঙ্কোচন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
বেইলআইট তহবিল চুক্তির শর্তানুযায়ী নতুন গ্রিক সরকার প্রতিশ্র“তি পূরণ করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করার হুমকি দিয়ে রেখেছে জার্মানি।
তাছাড়া, গ্রিসে কোনোরকম রাজনৈতিক অস্থিতিশীলতাই ইউরোজোনে দেশটির সদস্যপদকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ঘ.
bdnews24