২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুপার্ট মার্ডক কোম্পানি চালানোর যোগ্য নন’

মিডিয়া মোঘল খ্যাত রুপার্ট মার্ডক বড় ধরনের আন্তর্জাতিক কোম্পানি চালানোর যোগ্য নন। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী পার্লামেন্টারি কমিটির এমপি’রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

লন্ডন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিডিয়া মোঘল খ্যাত রুপার্ট মার্ডক বড় ধরনের আন্তর্জাতিক কোম্পানি চালানোর যোগ্য নন। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী পার্লামেন্টারি কমিটির এমপি’রা। তারা বলেন, মিডিয়ায় ফোন হ্যাকিং এর মত অবৈধ কার্যকলাপের যে চর্চা চলেছে তার দায়-দায়িত্বও রুপার্ট মার্ডকের নেওয়া উচিত। যে হ্যাকিং কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে তার নিউজ কর্পোরেশন। পার্লমেন্টের সংস্কৃতি বিষয়ক কমিটিতে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ফোন হ্যাকিং কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডে’র সাংবাদিকরাসহ উচ্চপদস্থ কর্মকর্তরা। সেইসঙ্গে হ্যাকিংয়ের শিকার যারা হয়েছেন তাদের আইনজীবী এবং পুলিশেরও বক্তব্য শুনেছে কমিটি। এরপর কমিটির রিপোর্টে উপসংহার টেনে বলা হয়েছে, নিউজ কর্পোরেশনে যা কিছু ঘটেছে তার সবই দেখেও না দেখার ভান করেছেন মার্ডক। কড়া ভাষায় রুপার্ট মার্ডককে কোম্পানি পরিচালনায় ‘অযোগ্য’ বলে বর্ণনা করা হয়েছে বিবৃতিতে। সার্বিক পরিস্থিতির জন্য এমপি’রা নিউজ কর্পোরেশনের প্রধান নির্বাহী, তার ছেলে জেমস ও তাদের কোম্পানির ব্যর্থতাকে দায়ী করে বলেছেন, নিউজ কর্পোরেশন ও তার অঙ্গসংগঠন নিউজ ইন্টারন্যাশনাল ইচ্ছাকৃতভাবেই অপকর্মের দিকে নজর দেয়নি। আর সেকারণে মূলত রুপার্ট মার্ডক এবং জেমস মার্ডকেরই এর দায়ভার নেওয়া উচিত । কমিটির এ রিপোর্ট মার্ডক সাম্রাজ্যের মূলে কুঠারাঘাত। এর জবাবে নিউজ কর্পোরেশন এক বিবৃতিতে বলেছে, তারা রিপোর্টটি সতর্কভাবে পর্যালোচনা করে দেখছে। খুব শিগগিরই এর উত্তর দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, কোম্পানি ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এ বড় ধরনের ভুল করার কথা পুরোপুরি স্বীকার করছে এবং ফোন হ্যাকিং এর শিকার হয়ে যাদের প্রাইভেসি ক্ষুন্ন হয়েছে তাদের প্রত্যেকের কাছেই কোম্পানি ক্ষমাপ্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৯ঘ.