২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রিসভা পুনর্বিন্যাসের পরিকল্পনা মিসরীয় সেনাবহিনীর’

মিশরীয় সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পরিকল্পনা করেছে সেনাবাহিনীর ক্ষমতাসীন জেনারেলরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

কায়রো, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরীয় সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পরিকল্পনা করেছে সেনাবাহিনীর ক্ষমতাসীন জেনারেলরা। রোববার এ কথা জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুড মিশরের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই সরকারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য ক্ষমতাসীন জেনারেলদের ওপর চাপ দিয়ে আসছে। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে মিশরের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে ক্ষমতাসীন সামরিক পরিষদ। রাজনৈতিক এই উত্তপ্ত পরিবেশের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এসেছে। আগামী ২৩-২৪ মে প্রেসিডেন্ট নির্বাচন। সোমবার থেকে দেশটিতে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আড়ালে চলে গেছে। তার জায়গা নিয়েছে রাজনৈতিক বাদানুবাদ। এই পরিস্থিতি সামাল দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে মনোযোগ ফিরিয়ে আনার লক্ষ্যেই মন্ত্রিসভায় রদবদল ঘটাতে যাচ্ছে সেনাবাহিনী, দাবি মুসলিম ব্রাদারহুডের। ব্রাদারহুডের জ্যেষ্ঠ আইনজীবী এসাম এল ইরিয়ান জানিয়েছেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে কথা বলতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে মিসরীয় সেনাকর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো কিছু করার কথা স্বীকার করেনি। মিশরের সরকার পরিচালিত নিউজ ওয়েবসাইট আল আহরাম এর এক প্রতিবেদনে সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষমতাসীন সামরিক পরিষদ প্রধান জেনারেল তানতাবি পার্লামেন্টের ইসলামিক ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করবেন। গত বছর হোসনি মুবারকের পতনের পর থেকে সামরিক পরিষদ কর্তৃক মনোনীত প্রধানমন্ত্রী কামাল গানজুরি সরকার পরিচালনায় প্রত্যাশিত গতি আনতে পারেন নি। এ অবস্থায় পার্লামেন্টে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সরকারে নিজেদের প্রতিনিধিত্বের দাবিতে আরো সোচ্চার হয়ে উঠেছে। পার্লামেন্টের রাজনৈতিক দলগুলোর অবস্থানের প্রতিফলন সরকারের মন্ত্রিসভায় করার দাবি সেনাবাহিনী উপেক্ষা করছে এই অভিযোগে রোববার এক সপ্তাহের জন্য পার্লামেন্টের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট সদস্যরা। সরকারের নির্বাহী ক্ষমতায় পার্লামেন্ট সদস্যদের প্রাপ্য অংশ দিতে সেনাবাহিনীর অস্বীকৃতির কারণে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ বলে জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৩ ঘ.