প্যারিস, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্মান হারানো আইএমএফ’র সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানকে এড়িয়ে চলছেন ফ্রান্সের স্যোশালিস্ট পার্টির নেতারা।
রোববার প্যারিসে স্যোশালিস্ট পার্টির এক সাপ্তাহিক অনুষ্ঠান চলাকালে সেখানে স্ট্রস কান আসছেন শুনে অনুষ্ঠান ছেড়ে চলে যান দলের শীর্ষ নেতারা।
লন্ডনের গার্ডিয়ান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কান অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নিউ ইয়র্কের হোটেল কর্মীর সঙ্গে কথিত যৌন কেলেঙ্কারির ঘটনা প্রচার করে প্রেসিডেন্ট পদে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভবনা নস্যাৎ করেছে।
শুক্রবার এ সাক্ষাৎকার প্রকাশের পর স্যোশালিস্ট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাসোয়া ওঁলান্দ রূঢ়ভাবে কানকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকতে বলেছেন।
এ বিষয়ে ক্যানাল প্লাস টেলিভিশনে ওঁলান্দ বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডমিনিক স্ট্রস কান জড়িত নন। তাই এ প্রচারণা শেষ না হওয়া পর্যন্ত এর কোনো পর্যায়েই তার উপস্থিত হওয়া উচিত নয়। আর আমি আশা করছি প্রচারণা সাফল্যের মধ্য দিয়েই শেষ হবে।”
২২ এপ্রিল অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ওঁলান্দ বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পরাজিত করেন। দ্বিতীয় পর্ব ভোটের আগের নির্বাচনী জরিপেও তিনি রক্ষণশীল দলের সারকোজির চেয়ে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।
আগামী রোববার দ্বিতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হবে। এর আগে যে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্ক হয়ে আছে ওঁলান্দের নির্বাচনী প্রচারণার নীতিনির্ধারকরা।
কেলেঙ্কারির ঘটনার আগে স্ট্রস কানই ছিলেন স্যোশালিস্ট পার্টির সবচেয়ে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। কিন্তু শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকার তার সাবেক দলে তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। কেউ তাকে স্বাগত জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৯ঘ.
bdnews24