২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের শীর্ষ যুদ্ধবিরতি পর্যবেক্ষক সিরিয়ায়

সিরিয়ায় গেছেন জাতিসংঘের শীর্ষ যুদ্ধবিরতি পর্যবেক্ষক নরওয়ের জেনারেল রবার্ট মুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

বৈরুত, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় গেছেন জাতিসংঘের শীর্ষ যুদ্ধবিরতি পর্যবেক্ষক নরওয়ের জেনারেল রবার্ট মুড। জাতিসংঘ-পরিকল্পিত যুদ্ধবিরতি চুক্তি কতটা বাস্তবায়িত হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য দামেস্কে পৌঁছেছেন তিনি। সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের বদৌলতে হোমসে ইতোমধ্যে সহিংসতার মাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। মুডের আগমনে পরিস্থিতির আরো উন্নতি হবে বলেই আশা করছে তারা। গত ১৩ মাস ধরে সরকার-বিরোধী আন্দোলনের কেন্দ্র এই হোমস শহর। রোববার সিরিয়ায় রাজধানী দামেস্কে পৌঁছে সেখানে পর্যবেক্ষকদের জন্য অনেক কাজ পড়ে আছে বলে স্বীকার করেন রবার্ট মুড। তবে তিনি সাংবাদিকদের এও বলেন যে, “আমরা মাত্র ৩শ’ জন হতে পারি। কিন্তু আমরা ভিন্ন কিছু করতে পারব।” এ মুহুর্তে মাত্র ৩০ জন পর্যবেক্ষক মাঠে থাকলেও কাজ এগিয়ে যাবে বলে আস্থা প্রকাশ করেন মুড। তিনি আরো বলেন, “৩০ জন পর্যবেক্ষক, ৩০০ জন পর্যবেক্ষক, এমনকি ১০০০ জন পর্যবেক্ষকও সব সমস্যার সমাধান করতে পারে না। আমি এ চ্যালেঞ্জিং কাজে সবাইকে সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৯ঘ.