২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নির্বাচনী ইস্যুতে ‘বিন লাদেন’

আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন হত্যার অভিযানটিকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার মূল বিষয়ে পরিণত করার চেষ্টা করছে প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বাধীন ডেমক্রেট শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ফোর্ট স্টুয়ার্ট, জর্জিয়া, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন হত্যার অভিযানটিকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার মূল বিষয়ে পরিণত করার চেষ্টা করছে প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বাধীন ডেমক্রেট শিবির। শুক্রবার ওবামার নির্বাচনী শিবির থেকে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে ওসামা বিন লাদেনের নিহত হওয়ার অভিযানে ওবামার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। ভিডিওটির শেষদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির উদ্দেশে প্রশ্ন রাখা হয়, লাদেন হত্যা অভিযানের সময় ওবামা যে সিদ্ধান্তটি নিয়েছিলেন রমনি সেই একই সিদ্ধান্ত নিতে পারতেন কি না? ২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষনেতা ওসামা বিন লাদেন এক গোপন মার্কিন অভিযানে নিহত হন। মার্কিন বিশেষ বাহিনী নেভি সিল কমান্ডোদের চালানো ওই অভিযানে হোয়াইট হাউজ থেকে সরাসরি নেতৃত্ব দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার নির্দেশেই লাদেনের গোপন আস্তানায় প্রবেশ করে তাকে সরাসরি গুলি করে হত্যা করে নেভি সিলের সদস্যরা। পরে বিন লাদেনের লাশ মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিন লাদেনকে হত্যার পর অভিযানে ওবামার নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেন ডেমক্রেট ও রিপাবলিকান দলীয় নেতারা। এখন সেই বিষয়গুলিকে সতর্কভাবে নিজের নির্বাচনী প্রচারণার কাজে লাগাচ্ছেন ডেমক্রেট দলীয় প্রার্থী ওবামা। “অভিযানের প্রধান কমান্ডারের সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি মাত্র সুযোগ ছিল, সেই সঠিক সিদ্ধান্তটি তিনি নিতে পেরেছেন,” ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্ধৃতি দিয়ে বলা হয়। “মিট রমনি অভিযানের নেতৃত্বে থাকলে ওই সময়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করতেন?” ভিডিওটিতে প্রশ্ন রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৭ ঘ.