আমস্টারডাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজা সেবন কিংবা বিক্রি অবাধ বলে অনেকে নেদারল্যান্ডসে স্বাচ্ছন্দ্য বোধ করলেও এবার অবস্থা বদলাচ্ছে।
গাঁজা বা মারিজুয়ানা অবাধ বিক্রির ইউরোপের একমাত্র দেশটি এখন কফি শপগুলোতে বিদেশিদের গাঁজা সেবনে নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, আদালতের একটি রায়ের পর মে মাস থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বছরের শেষ নাগাদ সারাদেশে তা কার্যকর হবে।
তবে হেগ ডিস্ট্রিক্ট কোর্টের এ রায়ের প্রতিক্রিয়ায় কফি শপ মালিকদের একটি দল বলছে, আদালতের এই সিদ্ধান্ত পর্যটকদের প্রতি বৈষম্যমূলক হবে।
কফি শপ মালিকদের পক্ষে এক আইনজীবী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপিল করবেন তিনি।
নেদারল্যান্ডের খুচরা গাঁজা বিক্রেতা সমিতির মুখপাত্র মাইকেল ভেলিং বলেন, “এতে আমার আয় প্রায় ৯০ শতাংশই কমে যাবে। আর এটিই এ নিষেধাজ্ঞার প্রতিবাদ করার জন্য যথেষ্ট। একটি বৈধ জিনিস পেতে কেন একজন ক্রেতাকে নিবন্ধন করতে হবে?”
আমস্টারডামের মেয়র ইবারহার্ড ভ্যান ডার লান এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রায় তিন চতুর্থাংশ পর্যটক শুধু গাঁজা সেবনের জন্য আমস্টারডামে ঘুরতে যায় বলেই মেয়র এ রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।
উন্মুক্ত গাঁজা সেবন ও অন্যান্য হাল্কা মাদক নেওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের পর্যটকদের কাছে নেদারল্যান্ডস একটি আদর্শ স্থান। দেশটিতে মাদক ও গাজা সহজলভ্য এমন কফি শপের সংখ্যা প্রায় ৭০০। এছাড়া পাঁচ গ্রাম পরিমাণ গাজা বহনে পুলিশি হয়রানির মুখে পড়তে হয় না ইউরোপে একমাত্র এই দেশটিতে।
তবে এমন পরিস্থিতিতে দেশটিতে শুধু নেশা করার জন্য বিদেশি পর্যটকদের আগমন বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির বিচারমন্ত্রী ইভো অপস্টেলটেন বলেন, “অবশ্যই পর্যটকদের আমরা স্বাগত জানাই। তবে আমরা চাই না, তারা শুধু গাঁজা সেবন করতেই আসুক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এমআই/২০২৫ ঘ.
bdnews24