২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা চায় ফ্রান্স

সিরিয়ায় সহিংসতা বন্ধে শান্তি পরিকল্পনা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 07:06 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

প্যারিস, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সহিংসতা বন্ধে শান্তি পরিকল্পনা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে একথা বলেছেন। জুপে বলেন, “আমরা দামেস্ক সরকারকে আমাদের উপেক্ষা করে চলার সুযোগ দিতে পারি না।” বিবিসি জানায়, জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি পরিকল্পনায় সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা ও ভারী অস্ত্র প্রত্যাহারের যে আহ্বান জানানো হয়েছে তা উপেক্ষা করে এখনো নিরাপত্তা বাহিনীর হামলা, সহিংসতা চলছে। সিরিয়ার চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আনান। বিশেষ করে হামায় নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জুপে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়ায় ৩শ’ জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন করা উচিত। তিনি আরো বলেন, “আর শান্তি পরিকল্পনা ব্যর্থ হলে, এ সঙ্কটের ইতি টানতে সপ্তম অধ্যায়ের প্রস্তাবনা অনুযায়ী (যে প্রস্তাবনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক শক্তি ব্যবহার করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে) আমাদেরকে নতুন পদক্ষেপ নিতে হবে।” তবে রাশিয়া ও চীন এ প্রস্তাবে ভেটো দিতে পারে বলে আশঙ্কা আছে। এর আগে দেশ দুটি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জাতিসংঘ সিদ্ধান্তে- ভেটো দিয়েছিল। জাতিসংঘ সিরিয়ায় ইতোমধ্যেই কয়েক সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছে। গত সপ্তাহান্তে এ সংখ্যা বাড়িয়ে দেশটিতে ৩শ’ পর্যবেকক্ষক মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ঘ.