উলুগান উপসাগর, ফিলিপাইন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের হুঁশিয়ারির মুখেও দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূলে যুদ্ধের মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। এ মহড়ায় সশস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছিল চীন।
বুধবার শুরু হওয়া এ মহড়ায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের শ’ শ’ সেনা চীনের সঙ্গে বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইন উপকূলের একটি ছোট দ্বীপ পুর্নদখলের জন্য ছদ্ম হামলা চালায়।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনসহ প্রতিবেশী দেশগুলোর বিরোধ চলছে।
যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক যৌথ মহড়ার আওতায় এ ছদ্ম লড়াইয়ে অংশ নেয় সেনারা। তবে মহড়াটি এমন এক সময়ে করা হচ্ছে যখন জলসীমার অধিকার নিয়ে চীন ও ফিলিপাইনের টানাপোড়েনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন উপকূলের অপর একটি এলাকায় চীনা ও ফিলিপাইনি জাহাজ মুখোমুখি অবস্থান নেয়। ওই এলাকায় মাছ ধরার সময় কয়েকজন চীনা মৎসজীবীকে ফিলিপাইন উপকূলরক্ষীরা আটক করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
চীন এলাকাটি তাদের জলসীমায় বলে দাবি করে। ফিলিপাইনও এলাকাটির ওপর নিজেদের দাবিতে অটল থাকে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন বার্ষিক যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূলে মহড়ার পরিকল্পনা ঘোষণা করে। এ মহড়া পরিকল্পনা শসস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়াবে বলে সতর্ক করে দেয় চীন।
তারপরও পরিকল্পনা অনুযায়ী মহড়া শুরু করল ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।
প্রাকৃতিক গ্যাস ও তেলে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী ফিলিপাইন, ভিয়েতনাম, ব্র“নেই, মালয়েশিয়া ও তাইওয়ানের বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করছে এবং সামরিক মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫২ঘ.
bdnews24