বেইজিং, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া শিগগিরই পরমাণু পরীক্ষা চালাবে। এ পরীক্ষা চালানোর প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ এক সূত্র।
রকেট উৎক্ষেপণে ব্যর্থতার পর এ পরমাণু পরীক্ষা চালালে উত্তর কোরিয়া আবারও আন্তর্জাতিক স¤প্রদায়ের নিন্দার মুখে পড়বে।
১৩ এপ্রিল রকেট উৎক্ষেপণ নিয়ে আন্তর্জাতিক নিন্দা এবং শেষপর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বিব্রত উত্তর কোরিয়া এর জবাব দেওয়ার হুমকি দেয়। এরপরই তৃতীয়বারের মতো এ পরমাণু পরীক্ষার তোড়জোড় চালাচ্ছে দেশটি।
এর আগে ২০০৯ ও ২০০৬ সালে দুটি পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এবারের পরমাণু পরীক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, “শিগগিরই তা চালানো হবে। প্রস্তুতি প্রায় শেষ।”
এই প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার পরিকল্পনা নিশ্চিত করে জানালেন। তিনি ২০০৬ সালেও উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর পূর্বাভাস দিয়েছিলেন।
তবে উত্তর কোরিয়া প্লুটোনিয়াম না কি ইউরেনিয়াম সমৃদ্ধ পরমাণু অস্ত্র পরীক্ষা চালাবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি ওই কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, দুই সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া এ পরমাণু পরীক্ষা চালাতে পারে।
ওদিকে, উত্তর কোরিয়ার এক বিশ্লেষক বুধবার রাষ্ট্রটির ‘সামিরক দিবস’ এ পরমাণু পরীক্ষাটি চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩২ঘ.
bdnews24