অ্যাঙ্কোরেজ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের ফুটবল খুঁজে পাওয়া গেছে আলাস্কায়। ২০১১ সালের মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামিতে ভেসে গিয়েছিল বলটি।
এর এক বছরেরও বেশি সময় পর আলাস্কার প্রত্যন্ত মিডলটন দ্বীপে পাওয়া গেল সেই ফুটবল।
বলটিকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ)।
সুনামিতে ভেসে যাওয়া ফুটবলটিকে সমুদ্র সৈকতে খুঁজে পান মিডলটন দ্বীপের একটি রাডার স্টেশনের টেকনিশিয়ান ডেভিড বাক্সটার। তার জাপানি স্ত্রী বলের গায়ে লেখা পড়ে বলটি শনাক্ত করেন। এরপর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে বিষয়টি জানান বাক্সটার দম্পতি।
বলের গায়ে জাপানের একটি স্কুলের নাম এবং শুভ কামনা বার্তা লেখা ছিল। ওই লেখা পড়েই শনাক্ত করা হয় ফুটবলটির মালিক জাপানি সেই কিশোরকেও। ষোল বছর বয়সী কিশোর মিসাকি মুরাকামির নামও ছিল বলের গায়ে।
“বলটি যে আমার তাতে সন্দেহ নেই। তা ফিরে পেলে খুবই খুশি হব,” জাপানি গণমাধ্যমে এ উক্তি মিসাকির।
রোববার স¤প্রচার মাধ্যম টিবিএসকে মিসাকি বলেছে, “আমি খুবই কৃতজ্ঞ। এখন পর্যন্ত আমার কোনো কিছুই খুঁজে পাইনি।”
ভূমিকম্পের দিন স্কুলে যায়নি মিসাকি। সুনামির সময় বাড়ি থেকে পালিয়ে উঁচু একটি জায়গায় চলে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। কিন্তু তার বাড়ি সুনামিতে ভেসে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাপানি সংবাদ সংস্থা কিয়োদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১১ঘ.
bdnews24